মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ এপ্রিল ২০২৬
আমিরাতে ড্রোনের টুকরার আঘাতে বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১৫:৪২
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাংলাদেশির মৃত্যু
আমিরাতের ফুজাইরাহর আল-রিফা এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির আকাশসীমায় প্রতিহত করা একটি ড্রোনের ধ্বংসাবশেষ সরাসরি একটি খামারের ওপর পড়ে। সেই আঘাতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ড্রোনটি ধ্বংস করে। কিন্তু এর কিছু অংশ নিচে পড়ে আর তাতেই মৃত্যু হয় ওই বাংলাদেশির। তিনি ওই সময় খামারেই কাজ করছিলেন। ঘটনার পরপরই জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং তার মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
বাহরাইন
বাহরাইনে ভারতীয় নারীর জেল
বাহরাইনে ভারতীয় এক নার্সকে রোগীর কাছ থেকে টাকা চুরির অভিযোগে ১০ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। সেই সাথে সাজা শেষে তাকে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয়। বিচারে প্রমাণিত হয়, সেই ভারতীয় নার্স একজন মুমূর্ষু রোগীর অসুস্থতার সুযোগ নিয়ে নানা সময়ে রোগীর ফোনের মাধ্যমে তার ব্যক্তিগত ভার্চুয়াল সাইন ও ব্যাংকিং তথ্য ব্যবহার করে টাকা উত্তোলন করত এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার এজেন্সির মাধ্যমে তা ভারতে ট্রান্সফার করত। এভাবে সে ২৬ হাজার দিনার চুরি করে। বেশ কিছু দিন ধরেই সে এ রকম অপকর্ম করে আসছিল। পরবর্তী সময়ে সেই রোগীর ছেলে ব্যাপারটি ধরতে পারে এবং পুলিশে খবর দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে এবং চুরি করা ৩৫০০ দিনার ফেরত দেয়। বাকি টাকা উদ্ধারের জন্য আদালত ভারতের বিচার আইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
কুয়েত
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, ফুয়েল ট্যাংকারে আগুন
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ১ এপ্রিল ভোরে এই হামলার ফলে বিমানবন্দরের ভেতরে থাকা ফুয়েল ট্যাংকারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, ইরান দেশটির বিমানবন্দর লক্ষ্য করে এই ড্রোন হামলা করেছে। ফলে ট্যাংকারে আগুন লেগে যায়। জরুরি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এর আগে ২৫ মার্চ ইরান দেশটির বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। তখন ৫৮ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছিল। এবার আবারো কুয়েত বিমানবন্দরে ফুয়েল ট্যাংকে হামলার ঘটনা ঘটল।
সৌদি আরব
সৌদিতে বিশেষ অপারেশন রুম
সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আসা ওমরাহ পালনকারীদের জন্য বিশেষ অপারেশন রুম চালু করেছে। এই বিশেষ অপারেশন রুম পুরো ওমরাহ ব্যবস্থাপনাকে আরো দ্রুত, নিরাপদ এবং মসৃণ করতে সমন্বিতভাবে কাজ করবে। কারণ হিসেবে সৌদি সরকার জানিয়েছে, ২০২২ সালের পর থেকে বিদেশি ওমরাহ যাত্রীর সংখ্যা ২১৪ শতাংশেরও বেশি বেড়ে গেছে। আর তাই সফলভাবে ওমরাহ ব্যবস্থাপনার লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপারেশন রুমগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে এবং বিমানবন্দর থেকে শুরু করে মক্কা-মদিনা পর্যন্ত হাজিদের যাত্রা, হোটেলে থাকা, পরিবহন ও অন্যান্য সেবা এই অপারেশন রুম থেকে মনিটর করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত সমাধান দেওয়াই এর প্রধান লক্ষ্য। প্রবাসী হাজিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কারণ ভাষা, পরিবহন বা সেবা-সংক্রান্ত জটিলতা কমাতে এই সিস্টেম সরাসরি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করবে। ফলে পুরো প্রক্রিয়াটি আরো সহজ ও ঝামেলামুক্ত হবে। সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই নতুন ব্যবস্থা সৌদিতে আসা বিদেশি হাজিদের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে এবং ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মানুষকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ওমরাহ পালনের সুযোগ করে দেবে।
logo-1-1740906910.png)