মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ মার্চ ২০২৬
বাহরাইনে ভুয়া পুলিশকে জেল দিল উচ্চ আদালত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৬:২৯
বাহরাইন
বাহরাইনে ভুয়া পুলিশকে জেল দিল উচ্চ আদালত
বাহরাইনে ভুয়া পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় এক বাহরাইনি নাগরিককে ৩ বছরের জেল দিয়েছে দেশটির উচ্চ আদালত।বিচারে ভুয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ২১ সেপ্টেম্বর ২০২৫ সালে দেশটির নুয়িদ্রাত এলাকায়। এক এশিয়ান প্রবাসী দুপুরে তার কোম্পানির গাড়িতে খাবারের বিরতির সময় বসেছিল। ঠিক সেই সময় আরেকটি গাড়ি থেকে ওই ভুয়া পুলিশ ও তার সহযোগী নেমে পুলিশ পরিচয় দিয়ে তার গলা চেপে ধরে মানিব্যাগ দাবি করে। এশিয়ান প্রবাসী তা দিতে আস্বীকার করলে অভিযুক্ত তার মুখে বেশ কয়েকবার ঘুষি মারে এবং তাকে ১৫ বছরের জন্য জেলে ভরে দেওয়ার হুমকি দেয়। এ সময় তাকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ভয় পেয়ে এশিয়ান ব্যক্তি মানিব্যাগে থাকা ১৫ দিনার দিয়ে দেয়। জিজ্ঞাসাবাদে ভুয়া পুলিশটি তার অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আগেও মাদক-সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে শেষ হলো গ্রেস পিরিয়ড
সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থান করা দেশটির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে দেশটির রেসিডেন্ট ভিসাধারী যারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন দেশে আটকে ছিলেন, তাদের বিশেষ সুবিধার আওতায় আমিরাতে ফিরে আসার শেষ সময় ৩১ মার্চ। আইসিপি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এই বিশেষ সুযোগটি সেসব বাসিন্দাদের জন্য বন্দোবস্ত করা হয়েছিল, যারা আঞ্চলিক পরিস্থিতি, ফ্লাইট বন্ধ বা এয়ারস্পেস সংকটের কারণে সময়মতো আমিরাতে ফিরতে পারেননি এবং তাদের রেসিডেন্সি ভিসা বিদেশে থাকা অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।
এই ব্যবস্থার আওতায় ফেব্রুয়ারির শেষ দিকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা নতুন এন্ট্রি ভিসা ছাড়াই সরাসরি দেশে ফিরে আসার সুযোগ পেয়েছিলেন, যা অনেক প্রবাসীর জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছিল। সরকার জানিয়েছে, এটি একটি মানবিক ও নমনীয় পদক্ষেপ, যাতে কঠিন পরিস্থিতিতে পড়া বাসিন্দারা সহজে দেশে ফিরে আসতে পারেন।
তবে এখন স্পষ্টভাবেই নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ মার্চের পর এই বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না এবং এরপর থেকে সবাইকে আগের নিয়ম অনুযায়ী নতুন এন্ট্রি ভিসা নিয়ে আমিরাতে ঢুকতে হবে। তাই যেসব বাসিন্দা এখনো এই সুবিধার আওতায় দেশে ফিরে আসেননি, তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরব
সৌদি আরব মরুভূমিতে লাগিয়েছে কোটি কোটি গাছ
মরুভূমির দেশ সৌদি আরব এবার নতুন এক মাইলফলক স্থাপন করল। সবুজ বিপ্লবের অংশ হিসেবে দেশটি ইতোমধ্যেই ১০ লাখ হেক্টরেরও বেশি জমিতে ১৫৯ মিলিয়নের বেশি গাছ লাগিয়েছে। এটি দেশটির “সৌদি গ্রিন ইনিশিয়েটিভ”-এর একটি উদ্যোগ, যা সৌদি আরবের একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌদি সরকার দেশটির মরুকরণ ঠেকানো, পরিবেশ পুনরুদ্ধার করা এবং দেশের সবুজায়ন বৃদ্ধি করার লক্ষেই এমন উদ্যোগ হাতে নিয়েছে।
সরকার জানিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, বরং পুরো ইকোসিস্টেম পুনর্গঠন করা হচ্ছে। ফলে জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে, বাতাসের দূষণ কমছে এবং ধূলিঝড়ের পরিমাণও কমে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এই উদ্যোগ বড় ভূমিকা পালন করছে। এই বিশাল প্রকল্পে সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা একসাথে কাজ করছে।
খবরে আরো বলা হয়েছে, সৌদি আরব ভবিষ্যতে আরো ১০ বিলিয়ন গাছ রোপণ এবং ৪০ মিলিয়ন হেক্টর জমিতে আরো ১০ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে, যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় অবদান রাখবে।
কুয়েত
কুয়েতে দোকানে দোকানে অভিযান
কুয়েতে দোকানে দোকানে অভিযান চালিয়েছে দেশটির খাদ্যপণ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই অভিযানে ১৮ কেজি পচা মাছ ধ্বংস করা হয়েছে। পুরো মার্চ মাস ধরে চলমান এসব অভিযানে কর্তৃপক্ষ ৩৭৯টি খাবার ও মুদি দোকান পরিদর্শন করেছে, যেখানে ৪৯টি নিয়ম লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক প্রতিষ্ঠানে স্বাস্থ্য সনদ ছাড়া খাবার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের নিয়ম না মানার মতো গুরুতর অনিয়ম ধরা পড়েছে। তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই অভিযান শুধু নিয়ম প্রয়োগ নয়, বরং এটি সাধারণ মানুষের জীবন রক্ষার একটি বড় পদক্ষেপ। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের অভিযান সর্বদা চলমান থাকবে এবং যারা খাদ্য নিরাপত্তার নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)