প্রবাস অর্থনীতির খবর
মার্চ মাসে এসেছে রেকর্ড রেমিট্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৩:০৯
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ঈদের মাস মার্চে। মার্চ মাস শেষ হওয়ার তিন দিন আগেই, অর্থাৎ মার্চের ২৮ দিনে রেমিট্যান্স পাঠানোতে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানানো হয়েছে, মার্চের ২৮ দিনে প্রবাসীরা রেকর্ড ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। সরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে কৃষি ব্যাংকের মাধ্যমে। আর সম্মিলিতভাবে তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক।
ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫৮ মিলিয়ন ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ৪২৫ মিলিয়ন ডলার এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৩৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এরপর যথাক্রমে রয়েছে অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, জনতা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও সিটি ব্যাংক।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, সাধারণত ঈদ-রোজার মতো উৎসবকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পায়। এবারো তার ব্যতিক্রম হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলের মধ্যেও প্রবাসীরা পাঠিয়েছেন বিপুল পরিমাণ রেমিট্যান্স, যার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে। সেই সময়ের রেকর্ড ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার।
logo-1-1740906910.png)