Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ মার্চ ২০২৬

বাহরাইনে সমুদ্রে রাতের কাজে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৫:০৬

বাহরাইনে সমুদ্রে রাতের কাজে নিষেধাজ্ঞা

বাহরাইন

বাহরাইনে সমুদ্রে রাতের কাজে নিষেধাজ্ঞা

বাহরাইনে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বাড়ায় দেশটিতে সমুদ্রে রাতের সব রকম কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সমুদ্রে থাকা জেলে, নৌযান চালক এবং সাধারণ মানুষের জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে। এই নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত সব ধরনের মাছ ধরার নৌকা এবং বিনোদনমূলক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, এই নিয়ম অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সমুদ্র উপকূলের কাছাকাছি না যাওয়া এবং নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার জন্যও বলা হয়েছে। এদিকে, দেশটিতে ১ এপ্রিল থেকে তিন ধরনের মাছ শারি, সাফি ও আন্দাগ মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বলবৎ থাকবে।

কুয়েত

কুয়েতে সাহেল অ্যাপের একটি সেবা সাময়িক স্থগিত

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেল অ্যাপের মাধ্যমে যে কোনো গাড়ির মালিকানা হস্তান্তর এবং লাইসেন্স নবায়ন সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। যার ফলে অনেকেই এখন প্রয়োজনীয় কাজ করতে পারছেন না। এই সমস্যার মূল কারণ হিসেবে ইন্স্যুরেন্স রেগুলেটরি ইউনিটের সিস্টেমে একটি প্রযুক্তিগত ত্রুটি, যা সরাসরি যানবাহন-সংক্রান্ত ডিজিটাল সেবাগুলোকে প্রভাবিত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা আপাতত বন্ধ থাকবে। ইতোমধ্যেই প্রযুক্তিগত টিম সমস্যা সমাধানে কাজ শুরু করেছে, যাতে দ্রুত সেবা স্বাভাবিক করা যায়।

সৌদি আরব

সৌদিতে শুরু হয়েছে গণশুমারি কার্যক্রম

সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বাসাবাড়িতে গণশুমারি কার্যক্রম। এই গণশুমারির মাধ্যমে রিয়াদের জনসংখ্যা, বাসিন্দাদের জীবনযাত্রা ও সামাজিক বাস্তবতার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এই জরিপটি শুরু হয়েছে ৩০ মার্চ থেকে, যা চলবে ১০ মে পর্যন্ত। যেখানে সৌদি নাগরিক ও প্রবাসী উভয় পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই জরিপের মূল লক্ষ্য হলো, শহরের জনসংখ্যা বৃদ্ধি, জীবনমান, শিক্ষা, অর্থনীতি এবং বাসস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করা, যাতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা আরো বাস্তবসম্মত উপায়ে সম্পাদন করা যায়। এতে ২১৭টিরও বেশি এলাকায় বসবাসরত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সরাসরি ফিল্ড ভিজিট ও সাক্ষাৎকারের মাধ্যমে আধুনিক ডিজিটাল সিস্টেম ব্যবহার করে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডেটা ব্যবহার করে শহরের সেবা বণ্টন, অবকাঠামো উন্নয়ন এবং বাসিন্দাদের জীবনমান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, বিশেষ করে দ্রুত বাড়তে থাকা জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পনা করার জন্য এই জরিপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষ সবাইকে আশ্বস্ত করেছে, এই জরিপে সংগৃহীত সব তথ্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধু পরিসংখ্যান ও পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ভুয়া ভিডিও নিয়ে আবারো সতর্কতা

আমিরাতের রাস আল খাইমাহ প্রদেশে আবহাওয়া সংক্রান্ত ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে দেশটির রাস আল খাইমাহতে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে দেশটির পুলিশ, যেখানে ভুয়া বৃষ্টির ভিডিও শেয়ার করা বা ড্যাম এলাকায় গিয়ে ভিডিও করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ এসব পোস্ট কেবল বিভ্রান্তিই ছড়ায় না, বরং মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়া বা ভারী বৃষ্টির সময় অনেকেই সোশ্যাল মিডিয়ায় পুরনো বা ভুয়া ভিডিও ছড়িয়ে দিচ্ছে, যা অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করছে এবং  অনেক ক্ষেত্রে উদ্ধার কার্যক্রমে বাধা তৈরি করছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ড্যাম বা পানি জমে থাকা বিপজ্জনক এলাকায় গিয়ে ভিডিও ধারণ করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ হঠাৎ পানি ছাড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।

ওমান

ওমানে বৈরী আবহাওয়ার সতর্কতা জারি

ওমানে আবারো তিন দিনের চরম বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কবার্তা কেবল ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এই তিন দিন ভারী বৃষ্টি, বজ্রঝড় ও শক্তিশালী বাতাস বইতে পারে। সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে এই খারাপ আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই বৃষ্টির কারণে হঠাৎ হড়কা বান বা ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, বিশেষ করে নিচু এলাকা ও ওয়াদিগুলোতে। ভারী বৃষ্টির সময় দৃশ্যসীমাও কমে যেতে পারে, যা গাড়ি চালানোর সময় গতি কমিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ে প্রবাসী ও নাগরিকদের বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

Logo