Logo
×

Follow Us

বাংলাদেশ

জর্ডানে বিনা খরচে ৫ হাজার নারী গার্মেন্টস কর্মী নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:১০

জর্ডানে বিনা খরচে ৫ হাজার নারী গার্মেন্টস কর্মী নিয়োগ

জর্ডানে বিনা খরচে নারী গার্মেন্টস কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রায় পাঁচ হাজার দক্ষ ও স্বল্পদক্ষ নারী কর্মী নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য বেতন, থাকা-খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা এবং যাতায়াত খরচ বহন করবে কোম্পানি। বোয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বোয়েসেল জানিয়েছে, জর্ডানের সরকারি অনুমোদিত বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে। মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১৩০ জর্ডান দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ হাজার ৩০০ টাকা। চাকরির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য। কোম্পানি কর্মীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং জর্ডানে যাওয়ার বিমান ভাড়া বহন করবে। দৈনিক কর্মঘণ্টা নির্ধারিত হয়েছে আট ঘণ্টা, অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম সুবিধা দেওয়া হবে।

শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাদের বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ বা স্বল্পদক্ষ হতে হবে। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী এবং জর্ডানে কাজ করার আগ্রহ থাকতে হবে।

নির্বাচনী পরীক্ষা ও সাক্ষাৎকার শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। প্রতিদিন সকাল ৭টায় নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিটিটিসি) ও মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

বোয়েসেল প্রার্থীদের সতর্ক করে জানিয়েছে, এই নিয়োগ সম্পূর্ণ বিনা খরচে হবে। তাই কোনো দালাল বা প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। অভিবাসন ব্যয় কোম্পানি বহন করবে।

Logo