Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ মার্চ ২০২৬

সৌদি আরবে ভিসা বিষয়ে জরুরি নম্বর চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৫:২৯

সৌদি আরবে ভিসা বিষয়ে জরুরি নম্বর চালু

বাহরাইন

বাহরাইনের বৈরী আবহাওয়াতেও থেমে নেই সাইলেন্ট হিরোরা

বাহরাইনে চ্যালেঞ্জিং এ সময়ে ফুড ডেলিভারি ড্রাইভারদের সাইলেন্ট হিরো হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। দেশটিতে ইরানি হামলার কারণে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির সাথে বৈরী আবহাওয়া বিরাজমান। প্রবল বৃষ্টিপাত আর ঝোড়ো হাওয়ার কারণে বিপর্যস্ত জনজীবন। কিন্তু সব বাধা-বিঘ্ন উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফুড ডেলিভারি ড্রাইভাররা। গ্রাহকের দ্বারে দ্বারে খাবারসহ প্রয়োজনীয় সব পণ্য পৌঁছে দিচ্ছেন। মানামায় বেশ কিছু স্বনামধন্য ডেলিভারি প্রতিষ্ঠান, যাদের অধীনে কাজ করা অধিকাংশ কর্মীই বাংলাদেশসহ এশিয়ার নানা দেশের নাগরিক।রোদ, ঝড়, বৃৃষ্টি কোনো কিছু তাদের থামাতে পারছে না। তারা দৌড়ে চলেন মানুষের কাছে খাবার, জরুরি প্যাকেজ এবং প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার জন্য। প্রতিদিনের ব্যস্ত সড়ক, গাড়ির ভিড় আর ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের কাজ সহজ নয়, তবু তারা থেমে থাকেন না। বৃষ্টিভেজা সড়ক পাড়ি দেওয়ার সময়, প্যাকেজ হাতে ঝুঁকি নিয়েও বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তাদের এই প্রচেষ্টা বাহরাইনের শহরগুলোকে সচল রাখছে। বাহরাইনের নগরবাসী তাদের দেখেন না। কিন্তু এই সাইলেন্ট হিরোরা প্রতিদিন নিষ্ঠা দিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। 


সৌদি আরব

সৌদিতে ভিসা বিষয়ে জরুরি নম্বর চালু

সৌদি সরকার ভিসা-সংক্রান্ত যে কোনো তথ্য ও সহায়তার জন্য একটি জরুরি হেল্প লাইন চালু করেছে। ৯৯২-এই নম্বরে ভিসার সংশোধন, ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ভিসা বা ফাইনাল এক্সিট ভিসাসহ সব ধরনের মেয়াদোত্তীর্ণ ভিসা সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক, যারা যাত্রা করতে পারেননি তাদের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানের প্রক্রিয়াও শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে মেয়াদোত্তীর্ণ সব ভিসা, এপ্রিল ১৮, ২০২৬-এর মধ্যে আবশার প্ল্যাটফর্মে ফি প্রদানের মাধ্যমে বাড়ানো যাবে। এছাড়া যারা ভিসা নবায়ন করতে চান না, তারা সরাসরি আন্তর্জাতিক এক্সিট পয়েন্ট দিয়ে দেশত্যাগ করতে পারবেন। এর জন্য কোনো জরিমানা বা ফি দিতে হবে না। মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে আরো জানিয়েছে, ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগ না করলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে আরব সরকারের এই পদক্ষেপ দেশটিতে অবস্থানরত অভিবাসীদের জন্য স্বস্তি এবং স্বচ্ছতা নিশ্চিত করছে। এদিকে গেল এক সপ্তাহে সৌদি থেকে ৫১১১ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করে নিজ দেশে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে ৭১ শতাংশই ইথিওপিয়ান ও ২৬ শতাংশ ইয়েমেনি নাগরিক এবং বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। চলতি অভিযানে ভিসার মেয়াদ উত্তীর্ণ কিংবা অননুমোদিত অবস্থায় কাজ করা অভিবাসীদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদেরও নির্বাসন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 


কুয়েত

কুয়েতে শ্রমিকদের জন্য নতুন নিষেধাজ্ঞা

কুয়েত সরকার খোলা অকাশের নিচে কাজ করা কর্মীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। দেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে বাইরে কাজ করা সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী, রাস্তা শ্রমিক ও অন্যান্য খোলা পরিবেশে কাজ করা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী বাতাস, ভারী বৃষ্টি ও আবহাওয়ার এই ভয়াবহ অবস্থায়, বাইরে কাজ করলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায় এবং কর্মীরা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন।নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্থিতিশীল হলে আবার কাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য শ্রমিকদের নিরাপত্তার অগ্রাধিকার এবং কঠিন ও বৈরী সময় কর্মক্ষেত্রে কোনো জরুরি পরিস্থিতি এড়ানো।বন্দর, নির্মাণ সাইট ও রাস্তায় কাজ করা সব প্রতিষ্ঠানকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে, যাতে কর্মীরা ঝুঁকি থেকে নিরাপদে থাকতে পারেন এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। 


ওমান

ওমানে ড্রোন হামলা, প্রবাসী শ্রমিক আহত

ওমানের সালালাহ বন্দরে শনিবার দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোনের আঘাতে ক্রেনের কাছে থাকা একজন প্রবাসী শ্রমিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীকে চিকিৎসা প্রদান করেছে। তবে, হামলায় বন্দরের কার্যক্রম প্রাথমিকভাবে প্রভাবিত হয়নি। আহত শ্রমিক প্রবাসী হলেও তিনি কোন দেশের নাগরিক, সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ওমানের সুলতানাত এই হামলার নিন্দা জানিয়ে একে নৃশংস ও গর্হিত কাজ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির সরকার আবারো সতর্ক করেছে, ওমান জাতির নিরাপত্তা রক্ষা এবং নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।


সংযুক্ত আরব আমিরাত

ড্রোন ও মিসাইল প্রতিহত করল আমিরাত 

সংযুক্ত আরব আমিরাতে আবারো বড় পরিসরে হামলার চেষ্টা নস্যাৎ করেছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম। এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে আমিরাত সরকার। গালফ নিউজের খবরে বলা হয়েছে, ইরান থেকে ২৮ মার্চ শনিবার মোট ২০টি ব্যালিস্টিক মিসাইল এবং ৩৭টি ড্রোন ছোঁড়া হয়। তবে সেগুলোকে সফলভাবে আবুধাবির আকাশে আটকে দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিসাইল ও ড্রোনগুলো কোনো লক্ষ্যবস্তুর ক্ষতি করতে পারেনি এবং নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা এখ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং পুরোনো ও নতুন হুমকির মোকাবিলায় তারা প্রতিনিয়ত সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদিও বহু হামলা প্রতিরোধ করা হয়েছে, তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই আক্রমণগুলো পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় ভয়ের সংকেত।

Logo