মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ মার্চ ২০২৬
বাহরাইনে দোকানে দোকানে অভিযান, টাঙানো হলো বন্ধের নোটিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৭:৩৯
বাহরাইন
বাহরাইনে দোকানে দোকানে অভিযান, টাঙানো হলো বন্ধের নোটিশ
বাহরাইনের খুচরা বাজারে দোকানে দোকানে অভিযান চলছে। এসব অভিযানে পণ্যের দাম অযাচিতভাবে বেশি রাখার দায়ে দোকান বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজধানী মানামা, হীদ, দিয়ার আল মুহাররাক, ইস্ট রিফা ও ইসা টাউনে মোট ১০২টি খুচরা দোকানে অভিযান চালানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ কিছু পণ্যের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে দোকানদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোন কোন পণ্যের দাম বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কতগুলো দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে বলা হয়েছে, দোকানদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুয়েত
কুয়েতে দোকানে গোল্ড চুরি, এশীয় প্রবাসীদের জেল জরিমানা
কুয়েতে গোল্ড চুরির ঘটনায় আদালত এক ভারতীয় সেলসম্যানকে ১০ বছর এবং এক কুয়েতি নারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদের ৮ লাখ কুয়েতি দিনার মূল্যের গহনা চুরির মামলায় এ সাজা দেওয়া হয়। তাদের ৮ লাখ ৯ হাজার দিনার জরিমানাও করা হয়েছে। সেই সাথে এই ঘটনার সঙ্গে জড়িত পলাতক এক পাকিস্তানি আসামিকেও ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। তদন্তে প্রমাণ মিলেছে, ওই ভারতীয় সেলসম্যান প্রায় দুই বছর ধরে একটি নামকরা জুয়েলারি কোম্পানি থেকে ধাপে ধাপে ৮ লাখ দিনারেরও বেশি মূল্যের গোল্ড চুরি করে। এই চুরিতে তাকে সহযোগিতা করে ওই কুয়েতি নারী ও তার মেয়ে। তারা পরে এসব চুরি করা গহনা বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে ওই পাকিস্তানি প্রবাসীর কাছে। জিজ্ঞাসাবাদে সেলসম্যান স্বীকার করেছে, তারা আগে থেকেই চুরির পরিকল্পনা করে এবং ওই নারী তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপরাধে জড়ায়। পুরো ঘটনাটি শুধু একটি চুরির ঘটনা নয়, বরং এতে রয়েছে প্রতারণা, মানি লন্ডারিং এবং পরিকল্পিত অপরাধের জটিল চক্র। আদালত রায় ঘোষণার সময়ে সতর্ক করেছেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
সৌদি আরব
সৌদির হাসপাতালে শিশুর অপারেশন করল রোবট
সৌদির জেদ্দায় কিং ফয়সাল হাসপাতালে প্রথমবারের মতো রোবট অংশ নিয়েছে এক জটিল অপারেশনে। রোবটের মাধ্যমে জটিল এই অপারেশন প্রক্রিয়াকে পুরো মধ্যপ্রাচ্যে একটি মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে। দু্ই বছর বয়সী এক শিশুর অপারেশনে অংশ নেয় রোবটটি। ডাক্তারা জানিয়েছেন, শিশুটি হির্শস্প্রাং নামে কোলনের এক জটিল রোগে আক্রান্ত হয়েছিল। যার কারণে শিশুটি জটিল কোষ্ঠকাঠিন্যে ভুগছিল। বিপদের আশঙ্কায় চিকিৎসকরা অপারেশন করতে সাহস করছিলেন না। ফলে তাদের রোবটের সাহায্য নিতে হয়। চিকিৎসকরা “সোয়াভ পুল-থ্রু” নামে জটিল অপারেশনটি রোবটিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করেন। আর এই পুরো প্রক্রিয়াটি রোবটের সাহায্যে করায় এটি আরো নিখুঁতভাবে করা গেছে বলে জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সতর্কতা
সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটিতে থাকা কর্মী-শ্রমিকদের নতুন সতর্কবার্তা জারি করেছে। শ্রমিকদের কোনো দুর্ঘটনা বা বিপদের দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে নিজ কর্মক্ষেত্রে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়, জাতীয় জরুরি ও বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মিলিতভাবে “ওয়ার্কার সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস গাইড” প্রকাশ করেছে, যা শ্রমিকদের নিরাপত্তা নির্দেশনা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নতুন নির্দেশনায় আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ সরানোর সময় নিরাপদ কাজের কৌশল মানতে হবে। সব রকম বিপদের ঝুঁকি থেকে নিজেকে এবং আশপাশের মানুষকে রক্ষা করার কাজে লাগাতে হবে। আমিরাতে আছে দশ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি, যাদের এই সংক্রান্ত নির্দেশনা মেনে চলা জরুরি বলে মনে করছেন আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)