Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সীমিত পরিসরে আমিরাতের আবুধাবিতে স্বাধীনতা দিবস উদযাপন

সীমিত পরিসরে আমিরাতের আবুধাবিতে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, আবুধাবিস্থ জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যসহ সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে এ বছর সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোন এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগী সকল দেশপ্রেমিকের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবদান রাখা বিদেশি বন্ধুদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

পরিশেষে, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং নবনির্বাচিত সরকারের নেতৃত্বে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

Logo