মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ মার্চ ২০২৬
ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে আমিরাতে দুইজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ২০:২২
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে আরো দুইজনের মৃত্যু, আহত তিন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ২৬ মার্চের সকালে আকাশে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। গালফ নিউজের খবরে বলা হয়েছে, দিনের এ ঘটনায় বহু গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। ২৬ মার্চের এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন আমিরাতে। আহত হয়েছেন ১৬৯ জন। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর আমিরাত ৩৭২টি ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ৮২৬টি ড্রোন আকাশে ধ্বংস করেছে। নিহতদের মধ্যে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও ফিলিস্তিনের নাগরিকরা।
সৌদি আরব
সৌদি প্রবাসীদের দিল বিশেষ সুযোগ
সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো দেশত্যাগ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার। ২৫ মার্চ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারবেন। এ সময়ের মধ্যে যে কোনো দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি ছাড়ার সুযোগ থাকবে। দূতাবাস জানিয়েছে, এ ক্ষেত্রে কোনো ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই সৌদি আরব ত্যাগ করা যাবে। মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ না করলে পরবর্তী সময়ে আইনি জটিলতার মুখে পড়তে হবে।
বাহরাইন
বাহরাইনে ফোন বিক্রিতে জালিয়াতি, গ্রেফতার ১
বাহরাইনে ফোন কেনার কিস্তি নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গভর্নরেটে ৫৩ বছর বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনা হয়েছে। দেশটির তদন্ত সংস্থা জানিয়েছে, একটি মোবাইল ফোনের দোকানের সেলসম্যান যে কিনা, ফোন কিনতে আসা গ্রাহকদের চুক্তিতে সই করাতেন। কিন্তু পরে ফোন সেটের দাম প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখিয়ে চুক্তিপত্র জাল করতেন। এমন অসংখ্য অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার সত্যতাও পায় পুলিশ। তার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার করা ব্যক্তির নাম বা কোন দেশের নাগরিক, তার কোনো কিছুই প্রকাশ করেনি বাহরাইন পুলিশ।
ওমান
ওমানে রেকর্ড বৃষ্টি, আরো একজনের মৃত্যু
ওমানে প্রবল বৃষ্টিপাতের কারণে নাকাল হয়েছে দেশটির নাগরিক ও বাসিন্দারা। তবে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৮ মার্চ থেকে ধীরে ধীরে বৃষ্টি কমতে শুরু করবে এবং ওমানের আবহাওয়া ফিরবে স্বাভাবিক ছন্দে। এবারের বর্ষা মৌসুমের শুরুতেই ওমানের ইব্রায় ২৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বাহলা ও আল মধুইবিতে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়েছে। দেশটির নর্থ শারকিয়ায় এখনো প্রবল বৃষ্টিতে বন্যার পরিস্থিতি বিরাজ করছে। তবে রাজধানী মাসকাটে তুলনামূলক কম ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির কারণে দেশটিতে এখন পর্যন্ত ৬ জনের প্রাণহানি হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে বন্যার তোড়ে গাড়ি ভেসে যাওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৬ মার্চও ভেসে যাওয়া একটি ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
logo-1-1740906910.png)