Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ মার্চ ২০২৬

বাহরাইন প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১৭:৪১

বাহরাইন প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ ফ্লাইট

বাহরাইন

বাহরাইন প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে এসে আটকা পড়া অথবা দেশে যেতে চাওয়া বাহরাইন প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গালফ এয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে বাংলাদেশে দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ ঢাকা থেকে ছেড়ে সৌদি আরবের দাম্মাম হয়ে বাহরাইনে পৌঁছাবে। একই দিনে ফ্লাইটটি আবার বাহরাইন থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরবে। দ্বিতীয় ফ্লাইটটি ৩ এপ্রিল একই রুটে পরিচালিত হবে। বাহরাইন দূতাবাস জানিয়েছে, এই বিশেষ ফ্লাইটে ভ্রমণ করতে আগ্রহীদের নির্ধারিত গুগল ফর্ম পূরণ করে নিবন্ধন করতে হবে। যাত্রী সংখ্যা পূর্ণ হলে পরবর্তী করণীয় সম্পর্কে দূতাবাস থেকে আপডেট দেওয়া হবে।পুরো কাজটি সমন্বয় করছে দূতাবাস। ফলে প্রবাসীদের অযথা গালফ এয়ারের অফিসে ভিড় না করতে অনুরোধ করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস।  


কুয়েত

কুয়েতের বিমানবন্দরে ফুয়েল ট্যাঙ্কে হামলা

কুয়েতের বিমানবন্দরের ফুয়েল ট্যাঙ্কে হামলার ঘটনার ঘটেছে। ২৫ মার্চ সকালে এই হামলায় পর থেকে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রবাসীদের পাঠানো ভিডিও থেকে দেখা গেছে এমনই দৃশ্য। এই হামলার কারণে প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, কুয়েতের তেল শোধনাগারে হামলার ফলে বিশ্বজুড়ে জেট ফুয়েল বা বিমানের জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলায় কুয়েতের গুরুত্বপূর্ণ রিফাইনারিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক বাজারে বড় ধরনের সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে মিনা আল আহমাদি এবং মিনা আবদুল্লাহ রিফাইনারি লক্ষ্য করে চালানো হামলার ফলে জেট ফুয়েলের উৎপাদন ও রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। কুয়েত বিশ্বে অন্যতম বড় জেট ফুয়েল রপ্তানিকারক দেশ এবং এই দুই রিফাইনারি থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশির ভাগ জ্বালানি সরবরাহ করা হয়। চলমান হামলার কারণে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত জেট ফুয়েলের প্রায় ১০ শতাংশ সরবরাহ কমে গেছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর সরাসরি প্রভাব ফেলছে। ইতোমধ্যে জ্বালানির দাম বেড়ে গেছে এবং অনেক এয়ারলাইন্স বিকল্প পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্বব্যাপী বিমান ভাড়া বৃদ্ধি, ফ্লাইট কমে যাওয়া এবং জ্বালানি বাজারে আরো অস্থিরতা দেখা দিতে পারে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে খারাপ আবহাওয়া চলবে আরো কিছু দিন

সংযুক্ত আরব আমিরাতে পুরো বসন্ত মৌসুমজুড়ে অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই অবস্থা মে মাসের শুরু পর্যন্ত চলতে পারে। এই পুরো সময়ে হঠাৎ করে বজ্রঝড়, ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং ভারী মেঘ তৈরি হতে পারে। যা খুব অল্প সময়ের মধ্যে তীব্র রূপ ধারণ করতে পারে। এ ধরনের আবহাওয়া স্থানীয়ভাবে সারায়াত নামে পরিচিত, যা সাধারণত বসন্তকালে বেশি সক্রিয় হয়। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়। কর্তৃপক্ষ এই সময়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে নির্দেশনা দিয়েছে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এই দীর্ঘস্থায়ী আবহাওয়া পরিবর্তন স্বাভাবিক জলবায়ুর তুলনায় কিছুটা ব্যতিক্রমী হলেও এটি বসন্ত মৌসুমে আমিরাতে একটি স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি।

Logo