Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে পড়াশোনার সুযোগ: বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫৬

জাপানে পড়াশোনার সুযোগ: বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা

জাপান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। দেশটির সরকার প্রতি বছর বিদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। সঠিক প্রস্তুতি ও নির্দেশনা মেনে আবেদন করলে যোগ্য প্রার্থীরা বিনা খরচায় মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পান।  

জাপানে মূলত তিন ধরনের বৃত্তি পাওয়া যায়; যেমন- সরকারি, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি ফাউন্ডেশনের বৃত্তি। সরকারি বৃত্তিতে টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, আবাসন ও যাতায়াত খরচ অন্তর্ভুক্ত থাকে। বিশ্ববিদ্যালয় বৃত্তি সাধারণত আংশিক বা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করে। আর বেসরকারি সংস্থার বৃত্তি নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা বা গবেষণায় সহায়তা করে।  

বৃত্তির জন্য আবেদন করতে হলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হয়। গবেষণাভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। পাশাপাশি ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকা জরুরি। ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য আইইএলটিএস ফলাফল দরকার হতে পারে, আর জাপানি ভাষায় পড়াশোনার জন্য জেএলপিটি সনদ গুরুত্বপূর্ণ।  

আবেদনের সময় শিক্ষাগত সনদ, নম্বরপত্র, জীবনবৃত্তান্ত, উদ্দেশ্যপত্র, গবেষণা প্রস্তাবনা এবং সুপারিশপত্র জমা দিতে হয়। অনেক সময় এসব নথি ইংরেজি বা জাপানি ভাষায় অনুবাদ করতে হয়। বিশেষ করে স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে আবেদনকারীর গবেষণার পরিকল্পনা স্পষ্টভাবে উপস্থাপন করতে হয়। কোন সমস্যার ওপর গবেষণা করবেন, কেন তা গুরুত্বপূর্ণ এবং কীভাবে সম্পন্ন করবেন; এসব বিষয় উল্লেখ করতে হয়।  

জাপানের সরকারি বৃত্তি মনবুকাগাকুশো স্কলারশিপ বা মেক্সট স্কলারশিপ সবচেয়ে জনপ্রিয়। এর আবেদন প্রক্রিয়া সাধারণত এপ্রিল থেকে মে মাসে শুরু হয়। এরপর লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হয়। চূড়ান্ত ফলাফল বছরের শেষ দিকে প্রকাশিত হয় এবং পরের বছরের এপ্রিল থেকে পড়াশোনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদন সময়সূচি কিছুটা ভিন্ন হতে পারে।  

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ভাতা পড়াশোনার স্তর অনুযায়ী ভিন্ন হয়। স্নাতক পর্যায়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ইয়েন, স্নাতকোত্তরে প্রায় ১ লাখ ৪৪ হাজার ইয়েন এবং পিএইচডি পর্যায়ে প্রায় ১ লাখ ৪৫ হাজার ইয়েন দেওয়া হয়। এই অর্থ দিয়ে বাসা ভাড়া, খাবার, যাতায়াত ও অন্যান্য খরচের বড় অংশ বহন করা যায়।

Logo