মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ মার্চ ২০২৬
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওমানে ১০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১৯:১১
বাহরাইন
বাহরাইনে ২৭ মার্চ পর্যন্ত চলবে ঝড়-বাদলা
খারাপ আবহাওয়ার কবলে পড়েছে বাহরাইনের বিভিন্ন এলাকা। শক্তিশালী বজ্রঝড়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। বাতাসের গতিও অত্যন্ত বেশি, যার জন্য অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ২৪ মার্চ রাত প্রায় ২টায় ঝড় শুরু হয়ে সকাল পর্যন্ত অত্যন্ত সক্রিয় ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়া এখনো অস্থিতিশীল, তাই ২৫ মার্চেও বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের ঘরের বাইরে কম বের হওয়া, গাড়ি সাবধানে চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। আরো জানানো হয়েছে, ২৭ মার্চ পর্যন্ত এ রকম বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
এদিকে, ইরানি হামলায় একটি কারখানায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া যায়। ২৪ মার্চ সকালে এই ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির দমকল বাহিনী।
ওমান
ওমানে দুর্যোগে ১০ জনের মৃত্যু
ওমানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় দেশজুড়ে কমপক্ষে ১০ জন মারা গেছে। ২১ মার্চ থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে হঠাৎ বন্যায় এই প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকারীরা বিভিন্ন এলাকার ঝরনা ও জলাধারের কাছাকাছি বসতি থেকে মানুষকে সরিয়ে আনে এবং ২৯ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। বন্যার প্রভাব সবচেয়ে বেশি বার্কা, সাউথ বাতিনাহ, রুশতাক ও এর আশপাশের এলাকা। রুশতাক এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। মাসকাটেও পানির তোড়ে আটকা পড়া গাড়ি থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে। ওমানের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তারা সতর্ক করেছেন, নাগরিকদের প্লাবিত এলাকায় এড়িয়ে যেতে এবং আবহাওয়ার আপডেট নিয়মিত মনিটর করতে। বিদ্যুৎ ও টেলিকম পরিষেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে এসেছে। এছাড়া ১৬১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সৌদি আরব
সৌদি ওমরাহ ভিসাধারীদের সময়সীমা বেঁধে দিল
সৌদি আরব ওমরাহ ভিসাধারী হাজিদের ১৮ এপ্রিলের আগে দেশটি ছেড়ে যেতে অনুরোধ করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, কোনো নাগরিক বা বাসিন্দা যেন ভিসার মেয়াদ শেষ হওয়া কোনো হাজিকে পরিবহন, নিয়োগ, আশ্রয় বা সহায়তা দেওয়া থেকে বিরত থাকে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, ১৮ এপ্রিলের সময়সীমা ভঙ্গ করলে, ওমরাহ ভিসাধারীদের জরিমানা, কারাদণ্ড বা জোর করে সৌদি থেকে দেশে পাঠিয়ে দেওয়ার মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। একই সাথে ওমরাহ সময়সূচি ঠিক করতে এবং চেক আউটের সময়সীমা সমন্বয় করতে কোম্পানিগুলোর সাথে আলোচনা করতেও বলা হয়েছে। হাজিদের ভ্রমণের কমপক্ষে চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে অনুরোধ করা হয়েছে। ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুয়েত
কুয়েতে চেক আউট পয়েন্টে তল্লাশি জোরদার
কুয়েতে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার উদ্দেশ্যে দেশজুড়ে চেকপয়েন্টগুলোর নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সিকিউরিটি চেকপয়েন্ট পরিদর্শন করেছেন। কর্মকর্তারা নিরাপত্তা কর্মীদের নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আরো সতর্কতার সঙ্গে পালন করতে সতর্ক করেছেন। একই সাথে বাসিন্দাদের এই বলে সতর্ক করা হয়েছে, তাদের কুয়েতের আইনকানুন মানতে হবে ও শৃঙ্খলায় চলতে হবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও বাসিন্দাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক যে কোনো ঝুঁকি থেকে দেশকে রক্ষা করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, চেকপয়েন্টে নিয়মিত তত্ত্বাবধান অব্যাহত থাকবে। এ বিষয়ে কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা প্রয়োজন।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাত বাসিন্দাদের দিল প্রবেশের সুযোগ
সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী বাসিন্দা, যারা চলমান পরিস্থিতিতে বিভিন্ন দেশে আটকা পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদের কোনো রকম জরিমানা ছাড়াই আমিরাতে ফেরত আসার অনুমতি দেওয়া হয়েছে। দেশটি চলমান সংকটের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়া বজায় রেখে সীমান্তগুলোর কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে চালিয়ে নেওয়ার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে। চলমান পরিস্থিতিতেও সব বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে কাজ অব্যাহত রয়েছে এবং বড় কোনো ভ্রমণ বিঘ্ন ঘটেনি। স্থায়ী বাসিন্দা ভিসার মেয়াদ উত্তীর্ণদের আমিরাতে ফিরে আসতে দেওয়া হয়েছে, যাতে তারা পরিবারের কাছে ফিরতে পারে। আমিরাত এমন পদক্ষেপ সেসব পরিবারের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, যাদের আমিরাতের স্থায়ী বাসিন্দ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ফ্লাইট বন্ধ থাকার কারণে সময়মতো দেশটিতে ফিরতে পারেননি।
logo-1-1740906910.png)