শাহ আমানত বিমানবন্দরে আরো ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:১৪
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২৩ মার্চ একদিনেই সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার বাতিল হওয়া সাতটি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসার তিনটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার দুটি ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার একটি আগত ও একটি প্রস্থান ফ্লাইট।
তবে ফ্লাইট বাতিলের হিড়িকের মধ্যেও সীমিত পরিসরে কিছু কার্যক্রম সচল ছিল। সোমবার মধ্যপ্রাচ্য থেকে ছয়টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং পাঁচটি ফ্লাইট গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলার ফ্লাইটের অচলাবস্থা এখনো কাটেনি।
প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে সিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটবে না বলে ধারণা করা হচ্ছে।
logo-1-1740906910.png)