জার্মানিতে দীর্ঘমেয়াদি বসবাস, কাজ বা পড়াশোনার জন্য ভিসা ও রেসিডেন্স পারমিট পেতে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। দেশটির অভিবাসন আইন অনুযায়ী, তৃতীয় দেশের নাগরিকদের জন্য এই প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয়। জার্মানির ভিসা বিষয়ক অনলাইন ম্যাগাজিন মেইক ইট ইন জার্মানিতে বলা হয়েছে, প্রতিটি ধাপে প্রয়োজনীয় নথি, শর্ত এবং সময়সীমা মানা বাধ্যতামূলক।
প্রথম ধাপ হলো যোগ্যতা যাচাই। আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রমাণ করতে হবে যে তিনি জার্মানিতে নিজের জীবিকা নির্বাহ করতে সক্ষম। এটি সাধারণত চাকরির চুক্তি, ব্লকড ব্যাংক অ্যাকাউন্ট বা স্পনসরশিপের মাধ্যমে দেখাতে হয়। পাশাপাশি নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হয় যে আবেদনকারীর প্রবেশ জননিরাপত্তার জন্য হুমকি নয়। কাজ, পড়াশোনা বা প্রশিক্ষণের উদ্দেশ্যে আলাদা শর্তও প্রযোজ্য।
দ্বিতীয় ধাপে নিজ দেশের জার্মান দূতাবাসে ভিসার আবেদন করতে হয়। দূতাবাসের ওয়েবসাইটে প্রয়োজনীয় নথির তালিকা দেওয়া থাকে। আবেদন অনলাইনে বা সরাসরি জমা দেওয়া যায়, তবে সরাসরি আবেদন করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দীর্ঘমেয়াদি ভিসার জন্য ফি ৭৫ ইউরো, যা আবেদন বাতিল হলেও ফেরতযোগ্য নয়। দক্ষ কর্মীদের জন্য ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা রয়েছে, যেখানে নিয়োগকর্তা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সহায়তা করতে পারে।
তৃতীয় ধাপে ভিসা হাতে নিয়ে জার্মানিতে প্রবেশ করতে হয়। এ সময় জন্মসনদ, শিক্ষাগত সনদ, বিবাহ সনদসহ ব্যক্তিগত নথি সঙ্গে রাখা জরুরি। স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক এবং প্রথম দিন থেকেই কার্যকর থাকতে হবে। ভিসা সংগ্রহের সময় স্বাস্থ্যবীমার প্রমাণ দেখাতে হয়।
চতুর্থ ধাপে স্থানীয় বিদেশি কর্তৃপক্ষের কাছে রেসিডেন্স পারমিটের আবেদন করতে হয়। সাধারণত ভিসার মেয়াদ ১২ মাস পর্যন্ত বৈধ থাকে। এই সময়ের মধ্যে রেসিডেন্স পারমিটের আবেদন জমা দিতে হয়। ভিসার ধরন অনুযায়ী আলাদা নথি প্রয়োজন হয়। স্থানীয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে ঠিকানা ও নির্দেশনা পাওয়া যায়।
জার্মানিতে কাজ বা পড়াশোনার জন্য ভিসা প্রক্রিয়া জটিল মনে হলেও ধাপে ধাপে এগোলে তা সহজ হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আবেদনকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের দীর্ঘ অপেক্ষা এবং নথি প্রস্তুত করতে সময়ক্ষেপণ। তবে সঠিক পরিকল্পনা, স্বাস্থ্যবীমা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখলে জার্মানিতে দীর্ঘমেয়াদি বসবাস ও কর্মসংস্থানের পথ সুগম হয়।
বিশ্লেষকরা বলছেন, জার্মান শ্রমবাজারে প্রবেশের জন্য সঠিক ভিসা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ, পড়াশোনা, প্রশিক্ষণ বা ব্লু কার্ড; প্রতিটি ভিসার আলাদা শর্ত রয়েছে। তাই আবেদনকারীদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।
logo-1-1740906910.png)