Logo
×

Follow Us

বিশ্ব

সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১৩৪তম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০০:৫৮

সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১৩৪তম

বিশ্বের সুখী দেশের তালিকায় নবমবারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড। শুক্রবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৬ অনুযায়ী, বাংলাদেশ রয়েছে ১৩৪তম অবস্থানে। গত বছরও একই অবস্থানে ছিল দেশটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তান বাংলাদেশের পেছনে রয়েছে, যার অবস্থান ১৪৩তম।  

প্রতি বছর ২০ মার্চ বিশ্ব সুখ দিবস বা হ্যাপিনেস ডে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১২ সালের জুনে দিবসটি প্রতিষ্ঠা করে। এর লক্ষ্য হলো মানুষকে জীবনে সুখ ও সুস্থতার গুরুত্ব উপলব্ধি করানো। দিবসটি উপলক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।  

সুখী দেশের তালিকা তৈরিতে মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি নিয়ে মানুষের মনোভাবসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করা হয়। গ্যালাপের বিশ্ব জরিপের মাধ্যমে ১৪০টির বেশি দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা তাদের সর্বশেষ তিন বছরের অভিজ্ঞতা জানান এবং সেই ভিত্তিতে দেশের মানুষের সুখী হওয়ার গড় মূল্যায়ন করা হয়। এবারের প্রতিবেদনে ২০২৩ থেকে ২০২৫ সালের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।  

বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকো। ইউরোপীয় দেশগুলোই তালিকার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে।  

বাংলাদেশের অবস্থান নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও সামাজিক সহায়তা, দুর্নীতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মান উন্নয়নে আরো মনোযোগ দেওয়া জরুরি। মানুষের দৈনন্দিন জীবনে নিরাপত্তা, স্বাধীনতা এবং আস্থার ঘাটতি সুখের সূচকে দেশের অবস্থানকে নিচে নামিয়ে রেখেছে। 

অন্যদিকে ফিনল্যান্ডের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কম দুর্নীতি এবং নাগরিকদের মধ্যে আস্থার পরিবেশ। দেশটির মানুষ নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

Logo