Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০০:৫৪

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।  

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে শেখায় এবং অন্যের কষ্ট অনুভব করতে উদ্বুদ্ধ করে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। তিনি উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।  

বাণীতে তিনি আরো বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।  

প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরো সুদৃঢ় করবে। তিনি বলেন, আসুন আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।  

বাণীর শেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয়। তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করার জন্য দোয়া করেন।

Logo