Logo
×

Follow Us

বাংলাদেশ

বি১ ও বি২ ভিসাধারীদের কঠোর বার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২২:৪১

বি১ ও বি২ ভিসাধারীদের কঠোর বার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে বি১ ও বি২ (ভিজিটর) ভিসা নিয়ে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ১৮ মার্চ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ভিসার নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে।  

দূতাবাসের নির্দেশনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সন্তান জন্মদানের বিষয়ে। বি১ ও বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শিশুর মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রমণকে ‘বার্থ ট্যুরিজম’ বলা হয়, যা যুক্তরাষ্ট্র সরকার কঠোরভাবে প্রতিরোধ করছে।  

এছাড়া ভিজিটর ভিসায় কোনো ধরনের বেতনভিত্তিক চাকরি বা ব্যবসায়িক কাজে যুক্ত হওয়া যাবে না। কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক গ্রহণ করলে তা ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। তবে ব্যবসায়িক আলোচনা বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অনুমতি বহাল থাকবে।  

শিক্ষার ক্ষেত্রেও নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না। পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চাইলে অবশ্যই আলাদা এফ-১ স্টুডেন্ট ভিসা নিতে হবে।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে যে কঠোরতা আরোপ করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই নির্দেশনা জারি করা হয়েছে।  

দূতাবাস স্পষ্ট করেছে, সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের জন্য এই নির্দেশনা মেনে চলা এখন বাধ্যতামূলক। অন্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Logo