Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:১৫

প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও সরকার গ্রহণ করবে।  

১৭ মার্চ বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ ফরিদপুর-২ আসনের সংসদ সদস্যও।  

তিনি বলেন, “আমাদের অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, প্রবাসীরা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই, যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। এই বৈশ্বিক সমস্যার একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।”  

নিজ আসনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি সংসদে বসলে মনে করেন সালথা-নগরকান্দার সব মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছেন। তাই দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করতে হবে। তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এ সময় তিনি আরো বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে, খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে এবং একই সঙ্গে দেশের উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ।

Logo