Logo
×

Follow Us

ইউরোপ

ইতালির মূলধারার রাজনীতিতে শক্তিশালী হচ্ছেন প্রবাসীরা

মালিক মনজুর, ইতালি

মালিক মনজুর, ইতালি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৮:৩৬

ইতালির মূলধারার রাজনীতিতে শক্তিশালী হচ্ছেন প্রবাসীরা

ইতালির মূলধারার রাজনীতিতে ক্রমেই শক্তিশালী হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের পরিশ্রম আর ধর্মীয় মূল্যবোধ দিয়ে ইউরোপীয় সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। সম্প্রতি ইতালির রাজধানী রোমে বাংলাদেশ ইমিগ্রান্টস অ্যাসোসিয়েশন বা ‘বিমাস’ আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে দেশটির নীতিনির্ধারকরা এই প্রশংসা করেন। 

এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন ইউরোপীয় পার্লামেন্ট থেকে শুরু করে ইতালীয় সিনেট ও পার্লামেন্টের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকরা। ইতালীয় সমাজে বাংলাদেশিদের অবস্থান যে এখন আর কেবল শ্রমবাজারে সীমাবদ্ধ নেই, বরং রাজনীতির মূল মঞ্চেও বিস্তৃত এ আয়োজন যেন তারই প্রতিফলন।

অনুষ্ঠানে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নিকোলা জিঙ্গারেত্তি বাংলাদেশি কমিউনিটিকে দেশটির সমাজ ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইফতার শান্তি ও সামাজিক সংহতির এক অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি প্রবাসীদের আইনি সুরক্ষা ও মর্যাদার প্রশ্নে দূতাবাসের নিরলস কাজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইতালীর সিনেটর চেচিলিয়া দেলিয়া, সংসদ সদস্য পাওলো চানি এবং লাঝিও রিজিওনাল বিধান সভার চিফ হুইপ মারিও চারলাসহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। এছাড়া বিশ্ব খাদ্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নাফিস আহমেদ খানসহ ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন বিমাস মনে করছে, ইউরোপীয় ও ইতালীয় নীতিনির্ধারকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতালির মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশিদের সম্পর্ক আরো সহজ করবে। এটি কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং প্রবাসীদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।

ইতালির নীতিনির্ধারকদের এই সরব উপস্থিতি প্রমাণ করে, ইউরোপের বুকে প্রবাসীরা এখন আর শুধুই অভিবাসী নয়, বরং তারা দেশটির নীতিনির্ধারণী প্রক্রিয়ার অন্যতম অংশীদার।

Logo