Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ মার্চ ২০২৬

বাহরাইনে ঈদের আয়োজন; ঈদ হতে পারে ২০ মার্চ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৮:৩২

বাহরাইনে ঈদের আয়োজন; ঈদ হতে পারে ২০ মার্চ

বাহরাইন

বাহরাইনে ঈদের আয়োজন, ঈদ হতে পারে ২০ মার্চ

ড্রোন-ক্ষেপণাস্ত্রের ভয় পাশে সরিয়ে রেখে ঈদুল ফিতরের জোর প্রস্তুতি শুরু হয়েছে বাহরাইনে। এ বছর দেশটিতে ঈদ হতে পারে ২০ মার্চ। বাহরাইনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর দেশটিতে রোজা হতে পারে ৩০টি। গালফ অঞ্চলের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখার কমিটিগুলো ১৮ মার্চ সন্ধ্যায়, অর্থাৎ রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসবে। সেখান থেকেই আসবে ঈদ পালনের সিদ্ধান্ত।তবে জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, শাওয়ালের ক্রেসেন্ট দেখা যাবে ১৯ মার্চ ভোরে। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই এবং সেই কারণে বৃহস্পতিবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। ১৯ মার্চের সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা বেশি।

এদিকে, বাহরাইনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এক সার্কুলারে দেশটির ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা জানিয়েছেন, ঈদের দিন এবং তার পরের দুই দিন পর্যন্ত সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ বছর সরকারি ছুটির দিনগুলো শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কর্মচারীদের সুবিধার জন্য অতিরিক্ত দুই দিন ছুটি যোগ করে ছুটির মেয়াদ বাড়ানো হবে।

এদিকে, ঈদুল ফিতর ঘনিয়ে আসায় বাহরাইনে মেহেদি লাগানোর চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে এবং অনেক সেলুন ও হেনা শিল্পীরা ইতোমধ্যে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন।


কাতার

কাতারে ঈদের ছুটি সাত দিন

কাতারে আসন্ন ইদ উপলক্ষে ৭ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে।কাতার সরকার ঘোষণা করেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান ও পাবলিক সেক্টরের কর্মীরা সাত দিনের ছুটি পাবেন। দেশটির এক সরকারি বার্তায় বলা হয়েছে, ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে, যা শেষ হবে ২৩ মার্চ এবং কর্মীরা ২৪ মার্চ থেকে কাজে ফিরবেন। এই ছুটি সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও সব পাবলিক অথরিটির জন্য প্রযোজ্য হবে। তবে ব্যাংক ও আর্থিক সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দিন প্রয়োজন অনুযায়ী বদলানোর ঘোষণা দেওয়া হতে পারে। কাতারে শুক্রবার ও শনিবার সাধারণ ছুটির দিন থাকে। তাই এই সাত দিনের ছুটি সরকারি কর্মীদের পরিবার ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করছে বলেই আশা করা হচ্ছে।


সৌদি আরব

সৌদির মক্কা-মদিনায় হাজিদের জন্য লাগেজ সেন্টার চালু

সৌদি আরবে হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের সুবিধার জন্য পাঁচটি নতুন লাগেজ সংরক্ষণ সেন্টার চালু করা হয়েছে। এসব লাগেজ সেন্টারগুলোর চারটি মক্কা শরিফের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণেই। আরেকটি মদিনায় নবীজির রওজা শরিফ প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে। মক্কার গ্র্যান্ড মসজিদের পশ্চিম আঙিনা, আজিয়াদ স্ট্রিট, মক্কা লাইব্রেরির পূর্ব আঙিনা এবং তৃতীয়টি সৌদি সম্প্রসারণ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানে এসব লাগেজ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া কিং আবদুল আজিজ গেট, কিং ফাহাদ গেট, ওমরাহ গেট ও গেট ১০০-সহ কয়েকটি প্রধান প্রবেশপথে ব্যাগ জমা দেওয়ার আলাদা পয়েন্ট রাখা হয়েছে। মদিনার মসজিদে নববীর এক্সিট ৩৬৫ ও ৩৬৬-এর মাঝামাঝি স্থানেও একটি লাগেজ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে হাজিরা লাগেজ জমা রেখে ঝামেলাহীনভাবে চলাফেরা করতে পারবেন, ইবাদতে মনোযোগী হতে পারবেন। এসব স্থানে হাজিরা তাদের ব্যাগ সর্বোচ্চ চার ঘণ্টা পর্যন্ত বিনামূল্যে রাখতে পারবেন এবং এই সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে।

এদিকে, সৌদি সরকার জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলের আকাশে চালানো দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানে ৩১টি ড্রোন ধ্বংস করেছে। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা বাড়ায় সৌদি আরব গুরুত্বপূর্ণ স্থাপনা ও নগর এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করেছে।


কুয়েত

কুয়েতে অনলাইনে সিগারেট বিক্রি বন্ধ

কুয়েতে অনলাইনে বা ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে তামাকজাত পণ্য ও ই-সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক সার্কুলারে জানিয়েছে, এখন থেকে সিগারেট, তামাক, ই-সিগারেট এবং এসবের সঙ্গে সম্পর্কিত যন্ত্র বা আনুষঙ্গিক পণ্য কোনো হোম-ডেলিভারি অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা যাবে না। নতুন এই সিদ্ধান্ত ১৫ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কেউ এই নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সতর্কবার্তা, সাময়িকভাবে ব্যবসা বন্ধ করা কিংবা লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকার জানিয়েছে, তামাকজাত পণ্যের বিক্রি নিয়ন্ত্রণ করা এবং বাজারে নতুন নিয়ম মেনে চলা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এদিকে, কুয়েতে প্যানিক বায়িং না করতে নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করেছে ব্যবসায়ীরা। একই সাথে খাদ্যপণ্য মজুত না করতে বলেছে। দেশটির ভোক্তা সমবায় সমিতিগুলোর ইউনিয়ন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েতে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজারে কোনো ঘাটতি নেই। তাই বাজারে মূল্যবৃদ্ধি বা অনিয়ম দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া, কুয়েত সরকার আরো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরব মানবিক সহায়তা ও প্রতিবেশী সহযোগিতার অংশ হিসেবে কুয়েতের মধ্যে থাকা ৪৪টি সব স্থল সীমান্ত ২৪ ঘণ্টার জন্য খুলে দিয়েছে, যাতে দুই দেশের মধ্যে যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে চাকরি নিয়ে প্রতারণা, বাসিন্দাদের সতর্ক করল পুলিশ

আমিরাতের দুবাই পুলিশ দেশটির বাসিন্দাদের পার্ট টাইম চাকরি নিয়ে প্রতারণা বা স্ক্যাম সম্পর্কে সতর্ক করেছে। পুলিশ জানিয়েছে, প্রতারকরা সাধারণত সহজ কাজের প্রতিশ্রুতি দিয়ে নেটিজেনদের আকর্ষণ করে এবং তারপর রেজিস্ট্রেশন ফি, অ্যাকাউন্ট সক্রিয়করণ ফি বা টাকা ট্রান্সফার করতে বলে। পাশাপাশি ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য চেয়ে নেয়। অনেক ক্ষেত্রে উত্তর দেওয়ার পরই ভিকটিমদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেনের ঘটনা দেখা যায়। এতে প্রবাসীরা ধোঁয়াশায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে। পুলিশ বলেছে, বাস্তবে বৈধ নিয়োগকারীরা কোনো ধরনের ফি দাবি করে না। পুলিশ সবাইকে চাকরির অফার যাচাই করা, ব্যক্তিগত ব্যাংক তথ্য শেয়ার না করা ও কোনো অর্থ প্রদান না করার ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

এদিকে, আমিরাতে ১৬ মার্চ সকালে আল বাহইয়া এলাকায় একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন।আমিরাতের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে, নিহত প্রবাসী একজন প্যালেস্টাইনি নাগরিক। গত কয়েক সপ্তাহ ধরে পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বাড়ছে। ইরান আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করলেও বেশির ভাগ ক্ষেত্রেই আমিরাতের আকাশ প্রতিরক্ষা তা ধ্বংস করছে। 


Logo