বাংলাদেশের নিউজ আপডেট ১৫ মার্চ ২০২৬
জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক, চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছেন না চালকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৯:২১
১। বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। খুচরা বাজারের কোথাও কোথাও সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হতে পারে, তবে তা দেশের সামগ্রিক বাজারের চিত্র নয়।
২। জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক হয়েছে সংসদ অধিবেশনে। নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায়, উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। রাষ্ট্রপতিও অধিবেশন ডাকতে পারেন না বলে তা করেননি। বিরোধীদলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি।
৩। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রথা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে ফিলিং স্টেশনগুলো চাহিদামতো তেল দিচ্ছে না বলে অভিযোগ করেছেন চালকরা। আগের নিয়মেই তেল বিক্রি করছে ফিলিং স্টেশনগুলো। তারা বলছে, এ বিষয়ে তাদের কাছে লিখিত কোনো সরকারি নির্দেশনা আসেনি।
৪। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ব্যবহারের সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করেছে। রোববার ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি বিস্তৃত গাইডলাইন জারি করেছে। ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৫ মার্চ) সংসদ সচিবালয়ে ‘কৃষক কার্ড’ বিষয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
logo-1-1740906910.png)