মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ মার্চ ২০২৬
সৌদিতে শাওয়াল মাসের প্রথম দিন থেকে ওমরাহ ভিসা বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৮:২২
বাহরাইন
বাহরাইনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৫টি গাড়ি জব্দ, চালক আটক
বাহরাইনে জনশৃঙ্খলা ভঙ্গ ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ৪৫টি গাড়ি জব্দ করেছে কর্তৃপক্ষ। দেশটির জেনারেল ডিরেক্টরেট অব মিডিয়া অ্যান্ড সিকিউরিটি কালচার জানিয়েছে, ইরান সংশ্লিষ্ট হামলার ঘটনাগুলোর পর কিছু চালক ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দ সৃষ্টি করে এবং বিশৃঙ্খলভাবে গাড়ি চালিয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। ফলে নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। এছাড়া এসব ঘটনায় জড়িত বেশ কয়েকজন চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যানবাহন ৬০ দিনের জন্য জব্দ করা হয়েছে। কবে এবং কতজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তা না জানানো না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আল আমান’ কর্মসূচিতে কর্নেল ড. ওসামা বাহার বাসিন্দাদের এই সংবেদনশীল সময়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। গাড়ির অপ্রয়োজনীয় শব্দের কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের মধ্যে ইতোমধ্যে উদ্বেগ বাড়ছিল।
এদিকে, বাহরাইনে খাদ্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল থাকায় যুদ্ধভীতির কারণে বেশি কিনে স্টক করার প্রবণতা কমেছে। সৌদি আরব ও ইয়েমেন থেকে নিয়মিত সবজি আসছে। তবে ভারত থেকে আকাশপথে আসা কিছু পণ্য এখন ওমান বা সৌদি আরব ঘুরে আসায় সামান্য দামের ওঠানামা দেখা যাচ্ছে। লেবু-টমেটোর দাম খানিক বাড়তি থাকলেও সামগ্রিকভাবে বাজারে খাদ্য সরবরাহ স্থিতিশীল রয়েছে।
কুয়েত
কুয়েতে দোকানে দোকানে জালিয়াতির বিরুদ্ধে অভিযান
কুয়েতের আহমাদি এলাকায় দোকানে দোকানে অভিযানে চালিয়ে ৫১টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় তারা বেশ কিছু অনিয়ম দেখতে পায়।তার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, দোকানে মূল্য তালিকা না দেখানো, বিভ্রান্তিকর অফার, ক্রেতাদের ইনভয়েস না দেওয়া এবং আমদানি করা পণ্যের দেশ উল্লেখ না করার মতো বিষয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান তাদের লাইসেন্সের নিয়ম ভেঙে ব্যবসা পরিচালনা করায় তাদের বিরুদ্ধে সতর্কতামূলক নোটিশও জারি করা হয়েছে। কুয়েতের হাওয়ালি গভর্নরেট এলাকায় ভবন নিরাপত্তা ও সতর্কতা বিধান ভঙ্গ করায় পাঁচটি নির্মাণাধীন ভবনের কাজের সাথে যুক্তদের শোকজ করা হয়েছে। দেশটির সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ গত ১১ মার্চ হাওয়ালি গভর্নরেটের বিভিন্ন নির্মাণাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অনিয়মের খোঁজে পায়। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণস্থলে শ্রমিকদের নিরাপত্তা ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার ঘটনায় বিমানবন্দরের রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ মার্চ শনিবার সংঘটিত এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অবকাঠামোর ক্ষতি হয়েছে।
সৌদি আরব
সৌদিতে শাওয়াল মাসের প্রথম দিন থেকে ওমরাহ ভিসা বন্ধ
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। ঘোষণায় জানানো হয়েছে, সৌদিতে শাওয়াল মাসের ১ তারিখ থেকে নতুন ওমরাহ ভিসা ইস্যু বন্ধ হয়ে যাবে। এর পর থেকে হজ মৌসুমের প্রস্তুতি শুরু হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীরা সর্বোচ্চ জিলকদ মাসের ১ তারিখ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। তারপর ওমরাহ করা হাজিদের সৌদি ত্যাগ করতে হবে। এই সিদ্ধান্ত মূলত আসন্ন হজ মৌসুমের প্রস্তুতি, ভিড় নিয়ন্ত্রণ এবং তীর্থযাত্রীদের জন্য সেবা ও ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সি ও যাত্রীদের নির্ধারিত সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে, যেন হজ মৌসুমের প্রস্তুতিতে কোনো ত্রুটি না হয়।
এদিকে, সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ দেশব্যাপী নিরাপত্তা অভিযানে ১৫ হাজার ৩৩৯ জনকে বসবাসের আইন ভঙ্গের কারণে গ্রেফতার করেছে। অভিযানে ৩ হাজার ৬৮৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৩৬৩ জনকে তাদের নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। পাশাপাশি অনেককে দেশে ফেরার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে। খবরে আরো বলা হয়েছে, ইতোমধ্যে ৮ হাজার ১০৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি ও বাকি দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক। তবে এদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, সেই বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানানো হয়নি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ইন্টারনেটে ভিডিও প্রচারের দায়ে ৪৫ জন আটক
আমিরাতের আবুধাবিতে চলমান বিভিন্ন ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জাতীয়তার এসব ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে অনলাইনে পোস্ট করছিল এবং এর সঙ্গে অসত্য বা ভুয়া তথ্যও ছড়াচ্ছিল, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং গুজব ছড়ানোর ঝুঁকি বাড়তে পারে। গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। আমিরাতের পুলিশ জানিয়েছে, এই ধরনের আচরণ জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, সংবেদনশীল পরিস্থিতিতে কোনো ঘটনা ভিডিও করা বা অসত্য তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো আইনগতভাবে দণ্ডনীয় হতে পারে। এ বিষয়ে প্রবাসীদেরও সতর্ক থাকা উচিত বলে মনে করেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। এদিকে, আমিরাতে আগামী কয়েক দিন চরমভাবাপন্ন আবহাওয়ার তথ্য দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জানানো হয়েছে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং কিছু এলাকায় তা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে তাপমাত্রা বেশি থাকবে। তবে সপ্তাহের শেষদিকে আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা যেতে পারে। কিছু অঞ্চলে বৃষ্টি, মেঘলা আকাশ এবং তুলনামূলকভাবে শীতল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
ওমান
ওমানে গুজবের বিষয়ে বাসিন্দাদের প্রতি সতর্কতা
ওমানে জনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি জোর দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। এক বিবৃতিতে তারা নাগরিক ও প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেছে, সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে অধিকাংশ নাগরিক ও বাসিন্দা দায়িত্বশীল আচরণ করলেও কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, যাচাইহীন তথ্য প্রচার করা বা এমন সব কর্মকাণ্ডে জড়াচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে। এ ধরনের আচরণ আইন লঙ্ঘনের শামিল এবং দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে। তাই কর্তৃপক্ষ সবাইকে আইন মেনে চলা, জনশৃঙ্খলা রক্ষা করা এবং কোনো সন্দেহজনক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এ বিষয়ে প্রবাসীদেরও সতর্ক থাকা উচিত বলে মনে করছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)