বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ৩ পথচারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৬:৪৬
বাহরাইনের জিদাফস এলাকার সেহলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীসহ তিন পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পরে প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যম।
গালফ ডেইলি নিউজের অনলাইন প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে বাংলাদেশের সুন্দর মিয়া, পাকিস্তানের মুহাম্মদ ইদ্রিস ও ভারতের মীর ইসলাম রয়েছেন।
নিহত সুন্দর মিয়ার বয়স ৩৮ বছর। তার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার সংলগ্ন কারারপার গ্রামে। তিনি শফিক মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেহলা মহাসড়কে দ্রুতগতির দুটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষের পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। সে সময় সুন্দর মিয়া, মুহাম্মদ ইদ্রিস ও মীর ইসলাম রাস্তার পাশে হাঁটছিলেন। ঘটনাস্থলেই দুজন মারা যান, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
নিহত তিনজনই বাহরাইনের একটি রেস্তোরাঁয় কাজ করতেন বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি এক বাহরাইনি নাগরিক চালাচ্ছিলেন।
সুন্দর মিয়ার মরদেহ বর্তমানে সালমানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
logo-1-1740906910.png)