দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর, যা আগামী ৯ থেকে ১২ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আয়োজক প্রতিষ্ঠান দ্য বাংলাদেশ মনিটর এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ১১ মার্চ রাজধানীতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্ব ভ্রমণ ও পর্যটন খাতের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
ঢাকা ট্রাভেল মার্ট বাংলাদেশের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা। প্রতি বছর দেশি-বিদেশি এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট এবং পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এতে অংশ নেয়। মেলায় ভ্রমণপ্রেমীরা বিভিন্ন অফার, প্যাকেজ এবং নতুন গন্তব্য সম্পর্কে জানতে পারেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, তারা সব সময় দেশের ভ্রমণ ও পর্যটন খাতকে এগিয়ে নিতে কাজ করে আসছেন। অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হওয়া তাদের জন্য গর্বের বিষয়। তারা বিশ্বাস করেন, এই সহযোগিতা ভ্রমণকারীদের জন্য আরো আকর্ষণীয় সুযোগ তৈরি করবে।
logo-1-1740906910.png)