বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে যারা বাংলাদেশে ফিরতে চান, তাদের জন্য গালফ এয়ারলাইন্সের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
১২ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রবাসীরা দূতাবাসের প্রকাশিত গুগল ফর্ম লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে আবেদনকারীদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করা হবে। এরপর তালিকাভুক্ত যাত্রীদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে।
দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগ মূলত জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য। পরিবার, নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হবে।
বাহরাইন প্রবাসীদের অনেকেই বিভিন্ন কারণে দেশে ফিরতে চান; কেউ অসুস্থতার কারণে, কেউ আবার পারিবারিক প্রয়োজনে। নিয়মিত ফ্লাইটে আসন সংকট ও অনিশ্চয়তার কারণে তাদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপকে প্রবাসীরা স্বস্তির উদ্যোগ হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সংকটময় সময়ে দূতাবাসের এমন উদ্যোগ তাদের দেশে ফেরার পথ সহজ করবে।
বাহরাইন বাংলাদেশ দূতাবাসের ঠিকানা হলো ভিলা #৭১, গালফ অ্যাভিনিউ, রোড #৫৬৫৩, সাইফিয়া #৩৫৬, পি.ও. বক্স #২৫৭১৮, মানামা। যোগাযোগের জন্য দূতাবাসের টেলিফোন নম্বর ৯৭৩-১৭৩২৩৯২৫, ৯৭৩-১৭৩২৩৯২৬ ও ৯৭৩-১৭৩২৩৯২৪। এছাড়া ইমেইল mission.manama@mofa.gov.bd এবং ওয়েবসাইট https://manama.mofa.gov.bd এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
logo-1-1740906910.png)