Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ মার্চ ২০২৬

কুয়েতে পচা ও ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২২:০১

কুয়েতে পচা ও ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান

বাহরাইন

বাহরাইনে প্রবাসী দম্পতির বিরুদ্ধে মামলা

বাহরাইনের মানামায় এক শিশু মৃত্যুর ঘটনায় তার প্রবাসী বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই দম্পতি এশিয়ান। তবে কোন দেশের নাগরিক, তা বলা হয়নি। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের আগে শিশুটির জন্ম হয় কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় মারা যায় এবং পরে তাকে গোপনে দাফন করা হয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গর্ভ ধারণের সাত মাসের মাথায় শিশুটির জন্ম হয়। এ ধরনের প্রিম্যাচিউর জন্মের ক্ষেত্রে বিশেষ চিকিৎসা প্রয়োজন হলেও অভিযুক্ত বাবা-মা কোনো চিকিৎসা করেনি। এ ঘটনায় মায়ের এক সহকর্মীকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই সহকর্মী শিশুটির মৃত্যুর পর দাফনে সহায়তা করে। পরে অন্য এক সহকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীরা মানামার কবরস্থান থেকে শিশুটির দেহাবশেষ উদ্ধার করে এবং ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয় অভিযুক্তরাই মৃত শিশুটির মা- বাবা। দম্পতিটি তাদের রেসিডেন্সি পারমিট শেষ হয়ে যাওয়ার পর তা নবায়ন করেনি বলে জানিয়েছে পুলিশ। দেশটির হাই ক্রিমিনাল কোর্ট এই মামলার রায় আগামী ১৪ এপ্রিল ঘোষণা করবে বলে জানা গেছে।


সৌদি আরব 

রমজানের প্রথম ২০ দিনে মক্কা ও মদিনায় ৯ কোটি হাজি

রমজানের এই সময়ে সৌদির মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে রমজান মাসের প্রথম ২০ দিনে ৯ কোটি ৬৬ লাখ মুসল্লি নামাজ ও ইবাদতে অংশ নিয়েছেন। সৌদি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে প্রায় ৫ কোটি ৭৫ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন এবং ১ কোটি ৫৬ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। এদিকে, মদিনার মসজিদে প্রায় ২ কোটি ১১ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন এবং প্রায় ৬ লাখ হাজি নবীজির রওজা শরিফে নামাজ ৫ ওয়াক্ত ও কিয়াম নামাজ আদায় করেছেন। মুসলমানদের কাছে রমজান মাস অত্যন্ত পবিত্র। এই সময়ে আল্লাহ ও রাসুলের নৈকট্য লাভের আশায় বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সৌদির এই দুই পবিত্র মসজিদে আসেন। নামাজ আদায় করেন ও ইতিকাফে বসতে শুরু করেন।  সৌদি গেজেটের খবরে আরো বলা হয়েছে, ১৭ লাখের বেশি মানুষ মহানবীর (সা.) রওজা মোবারকে সালাম পেশ করেছেন। রমজানের শেষ ১০ দিনে মুসল্লির সংখ্যা আরো বাড়তে থাকবে বলে আশা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।


কুয়েত

কুয়েতে পচা ও ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান

কুয়েতে দোকানে দোকানে পচা ও ভেজাল খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে কুয়েতের রাজধানী গভর্নরেটে অভিযান চালিয়ে ৯২ কেজি পচা মাছ জব্দ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল পচা মাছ নয়, হিমায়িত মাংসকে তাজা বলে বিক্রি করছিল কিছু দোকানে। এ সময় ধরা পড়ে আরো নানা অনিয়ম। অভিযানের সময় ১৪টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে খাদ্য ও পুষ্টি বিষয়ক কর্তৃপক্ষ। কিছু প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখা গেছে, স্বাস্থ্য সনদ ছাড়া কর্মী নিয়োগ এবং অনুমতিহীন গাড়িতে খাবার পরিবহন করার অভিযোগও পাওয়া গেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের পরিদর্শন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে সাবলেটে নিষেধাজ্ঞা, ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা

দুবাই সরকার বাড়ি বা অ্যাপার্টমেন্টকে সাবলেট হিসেবে ব্যবহারের ওপর কঠোর ও নতুন আইন জারি করেছে। এই নিয়ম ভাঙলে ১০ লক্ষ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে।অনুমতি ছাড়া কোনো অ্যাপার্টমেন্ট ভাগ করে ভাড়া দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভবনের ভেতরে অবৈধ পার্টিশন বা দেয়াল তৈরি করাও এখন থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫০০ থেকে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। একই বছরের মধ্যে পুনরায় নিয়ম ভাঙলে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। এই আইন দেশটির নিরাপত্তা, স্বাস্থ্য এবং আবাসন মানদণ্ড বজায় রাখতে, যাতে ভবনের বিশৃঙ্খল অবস্থা ও অতিরিক্ত লোক থাকার কারণে দুর্ঘটনা বা আগুনের ঝুঁকি কমানো যায়, সেই উদ্দেশ্যকে সফল করতেই গ্রহণ করা হয়েছে। নতুন এই আইন সরকারিভাবে প্রকাশের ১৮০ দিন পর থেকে কার্যকর হবে, সেই সাথে শেয়ার করা বাসাগুলোকে ১ বছর সময় দেওয়া হয়েছে আইন মানার জন্য।দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা ভাড়া নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। 


কাতার

কাতারে বিস্ফোরকের টুকরো সংগ্রহে সতর্কতা

যুদ্ধের এই সময়ে কাতারে ড্রোন-মিসাইল বা বিস্ফোরকের ধ্বংসাবশেষের টুকরো সংগ্রহ না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এসব ধ্বংসাবশেষ স্পর্শ করা অত্যন্ত বিপজ্জনক এবং তা থেকে সব সময় দূরে থাকতে হবে। বিশেষ করে বিস্ফোরণ বা দূর্ঘটনার পর ছড়িয়ে থাকা এসব ধারালো ধাতব টুকরোগুলো স্পর্শ করলে গুরুতর ক্ষত, রক্তপাত বা দগ্ধ হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি কিছু টুকরো থেকে বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিস্ফোরণের পর পাওয়া এসব ধাতব টুকরো অত্যন্ত গরম হতে পারে, তাই স্পর্শ করলে শরীর পুড়ে যাওয়ার ভয় থাকে। এছাড়া এতে জ্বালানি, রাসায়নিক পদার্থ, তেল বা ভারী ধাতুর মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে, যা স্পর্শ করলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। সরকার এসব টুকরো স্পর্শ না করে বরং দ্রুত কর্তৃপক্ষকে খবর দিতে এবং নিরাপদ জায়গায় সরে যেতে নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে।

Logo