Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ফেরার অনুমতি দিল ইউএই

মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ফেরার অনুমতি দিল ইউএই

সংযুক্ত আরব আমিরাত সরকার মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি ভিসাধারী প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) জানিয়েছে, যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রবেশ জটিলতা তৈরি হয়েছে, তারা নতুন এন্ট্রি পারমিট ছাড়াই ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসতে পারবেন।

সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অথবা টানা ১৮০ দিনের বেশি দেশের বাইরে থাকলে পুনরায় প্রবেশের জন্য নতুন করে এন্ট্রি পারমিট নিতে হয়। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীরা সেই বাধ্যবাধকতা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সুবিধা ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। মূলত প্রাকৃতিক দুর্যোগ, আকাশপথে ভ্রমণ ব্যাহত হওয়া বা অন্যান্য অপ্রত্যাশিত সংকটের কারণে যারা সময়মতো সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আইসিপি আরো জানিয়েছে, প্রবাসীরা তাদের পুরোনো পাসপোর্ট এবং মেয়াদোত্তীর্ণ ভিসার কপি ব্যবহার করেই এয়ারলাইন্সের মাধ্যমে চেক-ইন সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে ফ্লাইটজনিত সমস্যার কারণে যারা ওভারস্টে (Overstay) সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাদের ক্ষেত্রেও জরিমানার ব্যাপারে নমনীয়তা দেখানোর ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির সব বিমানবন্দর ও স্থলবন্দরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা দেশে ফিরতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট প্রবাসীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রবাসীবান্ধব নীতিরই প্রতিফলন। এর ফলে বিভিন্ন কারণে আটকে পড়া হাজারো প্রবাসী কর্মী আবার তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

Logo