ইউরোপ অভিবাসনের খবর
মধ্যপ্রাচ্য সংঘাতে ইউরোপে শরণার্থী ঢলের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৫:১১
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে আবারো ইউরোপের দিকে শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করছে জার্মানি। গত ৬ মার্চ জার্মান চ্যান্সেলর সতর্ক করে বলেছেন, ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়লে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং অভিবাসন পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে৷
চলমান যুদ্ধ ইউরোপ তথা জার্মানির জন্য ভালো কিছু বয়ে আনবে না জানিয়ে জার্মানির রাজনীতিবিদরা সতর্ক করছেন, ইউরোপে নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং অভিবাসনসহ সবকিছুর ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে৷
এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, ইউরোপের বিভিন্ন দেশের সরকার মধ্যপ্রাচ্য থেকে আবারো অভিবাসনপ্রবাহ বাড়তে পারে ভেবে প্রস্তুতি নিতে শুরু করেছে৷ সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে মানুষের মধ্যে মাইগ্রেশনের প্রবণতা বাড়তে পারে৷
২০১৫ থেকে ২০১৬ সালজুড়ে ইউরোপ বড় ধরনের অভিবাসন ঢলের মুখোমুখি হয়েছিল৷ ওই সময় সিরিয়া ও আফগানিস্তান থেকে ১০ লাখেরও বেশি শরণার্থী ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের খোঁজে এসেছিলেন৷
ফলে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এই উত্তেজনা আবারো ইউরোপমুখী অভিবাসন ঢল তৈরি করতে পারে বলে উদ্বেগ বাড়ছে পুরো ইউরোপজুড়ে৷
logo-1-1740906910.png)