মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস মন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের সর্বোচ্চ সহায়তা দিতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একাধিক মন্ত্রণালয় সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী মৌলভীবাজারের বড়লেখায় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে দুবাইয়ে নিহত আহমেদ আলীর নামাজে জানাজায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, যুদ্ধ শুরুর পরপরই প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাংলাদেশি মিশন যৌথভাবে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নিয়মিতভাবে প্রবাসীদের পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য নিচ্ছেন।
আরিফুল হক জানান, এ পর্যন্ত চারজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ দেশে পৌঁছেছে, বাকিদের মরদেহ সরকারি খরচে দেশে আনা হবে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী আরো বলেন, আহতদের চিকিৎসা দূতাবাসের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। যারা যুদ্ধের কারণে কর্মহীন বা ঘরে বন্দি অবস্থায় রয়েছেন, তাদের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা দূতাবাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে সরকার আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করবে।
এর আগে নিহত আহমেদ আলীর মরদেহ বড়লেখার নিজ গ্রামে পৌঁছালে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার ভূঁইয়া এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)