Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে হামলায় বাংলাদেশের নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩২

মধ্যপ্রাচ্যে হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নিরীহ মানুষের প্রাণহানি রোধে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুরের মোশাররফ হোসেন নিহত হয়েছেন। আহত কয়েকজন বাংলাদেশি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি প্রশমিত করতে এবং অঞ্চলে আরো প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

বাংলাদেশ সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রবাসীদের পাশে থাকার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  

এই ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরকার তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। 

Logo