Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে গণমাধ্যমে সংবাদ প্রচারে কড়াকড়ি আরোপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:২৮

কুয়েতে গণমাধ্যমে সংবাদ প্রচারে কড়াকড়ি আরোপ

কুয়েতের তথ্য মন্ত্রণালয় দেশের সব গণমাধ্যম, প্ল্যাটফর্ম ও সাংবাদিকদের সংবাদ প্রচার ও কাভারেজে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, সংবাদ প্রকাশে সর্বোচ্চ সঠিকতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।  

৯ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সপ্রাপ্ত সব গণমাধ্যম প্রতিষ্ঠান ও অনুমোদিত সংবাদদাতাদের দায়িত্ব হলো সংবাদ যাচাই করে প্রকাশ করা। শুধু সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের তথ্য ব্যবহার করতে হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য বা যাচাইবিহীন সংবাদ প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভুল তথ্য প্রকাশিত হলে তা দ্রুত সংশোধন করতে হবে এবং আইনগত ও পেশাদার চ্যানেলের মাধ্যমে সংশোধন নিশ্চিত করতে হবে।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংবাদিক বা গণমাধ্যমকর্মীরা ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টকে সংবাদ উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন না, যদি না তা কোনো সরকারি সংস্থা দ্বারা নিশ্চিত হয়। এ পদক্ষেপ জনআস্থা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য নেওয়া হয়েছে।  

তথ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে, লাইভ সম্প্রচার বা মাঠ পর্যায়ের কাভারেজ করতে হলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এ ধরনের সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। একইভাবে ড্রোন বা আকাশ থেকে ছবি তোলা গণমাধ্যমের জন্য অনুমতি ছাড়া করা যাবে না।  

বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, কুয়েতের বৈদেশিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কনটেন্ট এড়িয়ে চলা এবং বৈধ লাইসেন্স ছাড়া কোনো গণমাধ্যম কার্যক্রম পরিচালনা না করার ওপর জোর দেওয়া হয়েছে।  

তথ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, এসব নিয়ম ভঙ্গ করলে বিদ্যমান গণমাধ্যম আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo