অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে কড়াকড়ি, অনিশ্চয়তায় বাংলাদেশের শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৮:৪৩
ছবি - এআই দিয়ে বানানো
অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে কড়াকড়ি ও ভিসা প্রক্রিয়ায় বাড়তি নজরদারির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছেন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু শিক্ষার্থী। দেশটির প্রায় ৫৪ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক শিক্ষা খাত অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি হলেও সাম্প্রতিক সময়ে অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্ক বাড়ায় এ খাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ, নেপাল ও ভারতের মতো দেশ থেকে আসা শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসন নিয়ে নেতিবাচক রাজনৈতিক বার্তার কারণে অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়াকে পড়াশোনার গন্তব্য হিসেবে বেছে নিতে আস্থা পাচ্ছেন না। এরই মধ্যে নতুন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ শতাংশ কমে গেছে।
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল জানান, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে অস্বাভাবিক হারে আবেদন বাড়ায় সরকার ভিসা প্রক্রিয়ায় কঠোর নিয়ন্ত্রণ আনতে বাধ্য হয়েছে।
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য অস্ট্রেলিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক শিক্ষার বাজারে অবস্থান ধরে রাখতে হলে অভিবাসন নীতি ও বিদেশি শিক্ষার্থীদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। তা না হলে বহু বিলিয়ন ডলারের এই শিক্ষা খাত দীর্ঘমেয়াদে বড় ধাক্কায় পড়তে পারে।
logo-1-1740906910.png)