Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে এখনো ড্রোন-মিসাইল হামলা চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৮:২৯

মধ্যপ্রাচ্যে এখনো ড্রোন-মিসাইল হামলা চলছে

বাহরাইন

বাহরাইনে ৩২ জন আহত, তেল শোধনাগারেও হামলা

বাহরাইনে ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯ মার্চ ভোরে সিত্রার আবাসিক এলাকায় একটি ড্রোন আঘাত হানলে এই হতাহতের  ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে, যাদের পায়ের আঘাত গুরুতর বলে জানা গেছে। এদের মধ্যে মাত্র দুই মাস বয়সী একটি শিশুও রয়েছে। আহতদের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিত্রায় এই হামলার ঘটনায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল রিফাইনারি প্রতিষ্ঠানের (বাপকো) রিফাইনারিতে হামলার ঘটনায় কেপে ওঠে গোটা বাহরাইন। আকাশে দেখা যায় ধোঁয়া। যদিও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাপকো জানিয়েছে, কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হলেও তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বাপকোকে ফোর্স মেজর ঘোষণা করে বলা হয়েছে, বাপকো থেকে জ্বালানি তেল সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সিত্রায় ড্রোন এবং বাপকোতে হামলার জন্য ইরানকে দায়ী করেছে বাহরাইন সরকার।

এছাড়া ইরানের হামলার পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৬ জন এশিয়ানকে গ্রেফতার ও তাদের ছবি প্রকাশ করেছে পুলিশ। দেশটিতে থাকা প্রবাসীদের এই নিয়ে সতর্ক থাকা উচিত।


সৌদি আরব

সৌদিতে ২ বাংলাদেশি নিহত, ইরানকে হুমকি সৌদি আরবের

সৌদি আরবের আল-খারাজ আবাসিক এলাকায় মিসাইল আঘাত হানলে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত ও ১২ জন বাংলাদেশি আহত হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার রাতে আল-খারাজে একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা কোম্পানির আবাসিক কম্পাউন্ডে একটি সামরিক প্রজেক্টাইল আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় এক ভারতীয়ও মারা গেছে। এ ঘটনায় নিহত বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি এবং মোশাররফ হোসেনের বাড়ি সখিপুর, টাঙ্গাইল। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তাছাড়া সৌদির আল জাউফে ড্রোন হামলা ঠেকিয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম।প্রিন্স সুলতান এয়ার বেইজেও মিসাইল প্রতিহত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সৌদিতে ইরানের হামলা বাড়তে থাকায় এ নিয়ে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি জানিয়েছে, হামলা বাড়ালে ইরানের গুরুতর পরিণতি হতে পারে। উত্তেজনা আরো বাড়ালে বড় ক্ষতি ইরানেরই হবে বলে জানানো হয়েছে। এদিকে, সৌদিতে বিমান হামলায় আহত এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এনিয়ে এপিক ফিউরিতে অংশ নেওয়া মৃত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে সাতে।


কুয়েত

গুজব ছড়াতে নিষেধ করল কুয়েত, ড্রোন-মিসাইল আকাশে প্রতিহত

যুদ্ধ, হামলার এই সময়ে যাচাই না করা তথ্য সামাজিক মাধ্যমে ছাড়া বা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে কুয়েত সরকার। এক ঘোষণায় বলা হয়েছে, স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার যুগে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু যাচাই না করা তথ্য বা গুজব ছড়ানো আইন লঙ্ঘনের পর্যায়ে পড়তে পারে। কুয়েত সরকার জানিয়েছে তারা বাসিন্দাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করে। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসীদের। এদিকে, কুয়েতের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩টি মিসাইল ও বহু ড্রোন ধ্বংস করেছে বলে জানিয়েছে কুয়েত সরকার। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে তিনটি সফলভাবে ভূপাতিত করা হয়। কুয়েতের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে। সতর্কতার অংশ হিসেবে বিয়ের হলগুলোকে সাময়িকভাবে খাদ্য বিতরণ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। যাতে জরুরি সময়ে নাগরিক ও বাসিন্দাদের খাদ্য সহায়তা দেওয়া যায়। দুটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে মিসাইলের টুকরার আঘাতে ২ আরব প্রবাসী আহত

আমিরাত সরকার জানিয়েছে, ৯ মার্চ এক দিনেই ১২টি মিসাইল আকাশে ধ্বংস করেছে তারা। বাকি ৩টি মিসাইল সাগরে পড়েছে। এছাড়া ১৮টি ড্রোনের মধ্যে ১৭টিকে আকাশে ধ্বংস করা সম্ভব হয়েছে। ৯ মার্চ সকাল থেকে আমিরাতের বিভিন্ন শহরের আকাশে ড্রোন ও মিসাইল হামলার বিকট শব্দ শোনা যায়। এসব ধ্বংসপ্রাপ্ত ড্রোন-মিসাইলের টুকরার আঘাতে আবুধাবিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা জর্ডানি ও মিসরীয় প্রবাসী বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। আমিরাত সরকার জানিয়েছে, ঢেউয়ের পর ঢেউয়ের মতো করে মিসাইল-ড্রোন ধ্বংস করতে হয়েছে গত কয়েকটা দিন। এদিকে, আমিরাতে সামাজিক মাধ্যমে গুজব ছড়ালে দুই লক্ষ দিরহাম জরিমানা ও দুই বছর জেল হতে পারে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, ফুজাইরাহ অঞ্চলের একটি তেল সংরক্ষণ এলাকায় আগুন লাগার ঘটনায় দমকল বাহিনী দ্রুত অভিযান চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


কাতার 

কাতারে গুজব ছড়ানোর দায়ে বিভিন্ন দেশের ৩১৩ জন আটক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কাতারের আকাশে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।আর সে কারণে রাজধানী দোহা ও আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিকে একের পর এক ড্রোন ও মিসাইলের হামলা মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে, ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে কাতারের পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে বলেছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ভিডিও ধারণ বা শেয়ার করার আগে অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং শুধু সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।এদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নিরাপত্তা গাইড লাইনে জানিয়েছে, সবাই যেন দাহ্য পদার্থ থেকে দূরে থাকেন, লিফট ব্যবহার কম করেন, কাঁচের দরজা জানালা থেকে নিরাপদে থাকেন।  



ওমান

ওমান চালু করেছে অতিরিক্ত ফ্লাইট

ওমানে আটকে পড়া যাত্রীদের সহায়তা করতে অতিরিক্ত ফ্লাইট চালু করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। সংস্থাটি জানিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৮০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হয়েছে, যার মাধ্যমে ৯৭ হাজারের বেশি যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা হয়েছে। আঞ্চলিক সংঘাত ও বিভিন্ন দেশের আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকায় অনেক ফ্লাইট রুট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বেশির ভাগ আন্তর্জাতিক ফ্লাইট এখনো স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। ওমান এয়ার আরো জানায়, যেখানে সম্ভব সেখানে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হচ্ছে, যাতে যাত্রীদের ভ্রমণ অসুবিধা কমানো যায়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে স্থলপথে ওমানে এসে ফ্লাইট ধরতে পারা যাত্রীদের জন্য বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আকাশপথে অনিশ্চয়তা বাড়লেও আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে ওমান এয়ার তাদের কার্যক্রম জোরদার করেছে।

Logo