Logo
×

Follow Us

বাংলাদেশ

যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে রেমিট্যান্স খাত: প্রবাসীকল্যাণমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৭

যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে রেমিট্যান্স খাত: প্রবাসীকল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ৮ মার্চ দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধের কারণে বাংলাদেশি শ্রমিকরা কাজে যেতে পারছেন না, তাদের মধ্যে ভয়-ভীতি কাজ করছে। ফলে রেমিট্যান্সে প্রভাব পড়া স্বাভাবিক। তবে প্রবাসী শ্রমিকদের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে, যা দ্রুতই দৃশ্যমান হবে।  

মন্ত্রী বলেন, “আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন তাদের নিরাপদে রাখা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া, কেউ আহত হলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পরিস্থিতি আরো খারাপ হলে তাদের দেশে ফেরানোর বিষয়েও চিন্তা করতে হচ্ছে।” এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি মনিটরিং সেল গঠন করেছে, যা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।  

তিনি জানান, ইতোমধ্যেই তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন।  

শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করার চেষ্টা চলছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্বদিকে নতুন বাজার খুঁজছি। রমজান ও যুদ্ধের কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে, তবে আগামী মাস থেকে তা আরো গতি পাবে।”  

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

Logo