মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৭ মার্চ ২০২৬
বাহরাইনের রাস্তায় জনসমাগমে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১৩:২৯
বাহরাইন
বাহরাইনের রাস্তায় জনসমাগমে নিষেধাজ্ঞা
বাহরাইনের সিভিল ডিফেন্স কাউন্সিল দেশটিতে যে কোনো প্রকার জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাম্প্রতিক সময়ে বাহরাইনের ওপর মিসাইল ও ড্রোন হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নিউজ অব বাহরাইন খবর দিয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দেশের সড়ক ও উন্মুক্ত স্থানে কোনো প্রকার ভিড় বাট্টা করা যাবে না। দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন না হলে বাইরে চলাচল না করতেও নাগরিক ও বাসিন্দাদের নিষেধ করা হয়েছে। এদিকে, বাহরাইনের এয়ার ডিফেন্স জানিয়েছে, তারা যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ৭৮টি মিসাইল এবং ১৪৩টি ড্রোন ধ্বংস করেছে। যদিও দেশটিতে ১০টি ক্ষেপণাস্ত্র ও ৩৬টি ড্রোন আঘাত হেনেছে। বাহরাইন সরকার নাগরিক ও বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকা বা সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্যও জনগণকে সতর্ক করা হয়েছে।
বাহরাইনে সাম্প্রতিক হামলায় ইরানের পক্ষ নিয়ে ভুয়া ভিডিও ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বন্ধ রয়েছে বাহরাইনের আকাশসীমা। আর তাই বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। দেশটির জাতীয় বিমান সংস্থা গালফ এয়ারও জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় তাদের ফ্লাইট কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। যাত্রীদের নিজেদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েত
কুয়েতে দুইজন নিহত, ধ্বংসাবশেষ সংগ্রহে মানা
কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুইজন নিহত এবং অন্তত ৬৭ জন আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। হামলাগুলো মূলত বেসামরিক স্থাপনা, অবকাঠামো এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ব্যবস্থা নিয়ে অধিকাংশ হামলা নস্যাৎ করতে সক্ষম হয়। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বেশির ভাগই স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে গালফ নিউজের খবরে বলা হয়েছে। এদিকে, কুয়েতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মিসাইলের ধ্বংসাবশেষ সংগ্রহ না করার জন্য জনগণকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। সরকার জানিয়েছে, হামলার পর বিভিন্ন স্থানে পড়ে থাকা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কর্তৃপক্ষ নাগরিক ও বাসিন্দাদের অনুরোধ করেছে, কেউ যেন এসব ধ্বংসাবশেষ স্মারক হিসেবে সংগ্রহ না করে এবং দেখলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। কুয়েত সাম্প্রতিক হামলার সময় ১২টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে, কুয়েতে বসবাসরত প্রবাসী ও নাগরিকদের যুদ্ধ বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো তথ্য বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করার জন্য সতর্ক করেছে সরকার। কুয়েতের পুলিশ সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে। কুয়েত সরকার জানিয়েছে, প্রবাসে নানা কারণে থাকা কুয়েতি নাগরিক ও প্রবাসীদের নিজ দেশে ফেরার জন্য প্রায় দুই হাজার অনুরোধ পেয়েছে কুয়েত এয়ারওয়েজ। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিভিন্ন দেশে অবস্থানরত নাগরিক ও বাসিন্দারা নিরাপদে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে কুয়েত এয়ারওয়েজ বিশেষ ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও বিবেচনা করছে, যাতে যাত্রীরা দ্রুত দেশে ফিরতে পারেন।
সৌদি আরব
সৌদি প্রতিহত করছে ড্রোন-ক্ষেপণাস্ত্রের হামলা
সৌদি আরবের শায়েবা তেলক্ষেত্রকে লক্ষ্য করে ছোড়া ১৬টি ড্রোন প্রতিহত করেছে দেশতির এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি প্রিন্স সুলতান এয়ার বেসের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বিভিন্ন দফায় এসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়। এছাড়া রিয়াদের পূর্বাঞ্চলেও একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এদিকে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সাম্প্রতিক ইরানি হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দুই পক্ষ সৌদি-পাকিস্তান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোর আওতায় পরিস্থিতি পর্যালোচনা করেন এবং এ ধরনের হামলা বন্ধে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইনস ঘোষণা দিয়েছে, ৭ মার্চ থেকে রিয়াদ ও জেদ্দা থেকে দুবাইয়ের কিছু সীমিত ফ্লাইট আবার চালু করা হবে। প্রাথমিকভাবে সীমিত সময়সূচিতে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে এবং ধীরে ধীরে আরো ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে আঞ্চলিক পরিস্থিতির কারণে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির কারণে সৌদিয়া এয়ারলাইন্স কয়েকটি আঞ্চলিক গন্তব্যে ফ্লাইট স্থগিতাদেশ বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করেছে। এই স্থগিতাদেশের আওতায় আম্মান, কুয়েত সিটি, আবুধাবি, দুবাই, দোহা এবং বাহরাইন রুটের ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মস্কো এবং পেশোয়ারের ফ্লাইটও ১৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাত
ড্রোন-ক্ষেপণাস্ত্রের হামলা আকাশে ঠেকাচ্ছে আমিরাত
দুবাইয়ে ড্রোন-ক্ষেপণাস্ত্রের ছোট ছোট ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটলেও সেটি কর্তৃপক্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ মার্চ আকাশেই একটি হামলা প্রতিহত করার পর তার কিছু ধ্বংসাবশেষ নিচে পড়েছে। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ধ্বংসাবশেষটি ড্রোন নাকি মিসাইলের, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জনগণকে শুধু সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
এদিকে, দুবাইয়ের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান যুদ্ধের কারণে আহত নাগরিক ও বাসিন্দাদের দেখতে হাসপাতালে গিয়েছেন। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আহতদের পাশে থাকার ঘোষণা দেন। অন্যদিকে, দুবাইয়ের শাসক Sheikh Mohammed bin Rashid Al Maktoum দুবাইয়ে জননিরাপত্তা জোরদার করতে নতুন আইন জারি করেছেন। নতুন আইন অনুযায়ী, দুবাইয়ের বিভিন্ন পাবলিক ভেন্যু, অনুষ্ঠান, ভবন, সুইমিং পুল এবং সৈকত এলাকায় কঠোর নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে হবে আগতদের। নিরাপত্তা আইনটির লক্ষ্য দেশটির নাগরিক ও বাসিন্দাদের জীবন ও সম্পদের সুরক্ষার নিশ্চিত করতে করা হয়েছে। যার লক্ষ্য দুর্ঘটনা কমানো এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে দুবাইকে সামঞ্জস্যপূর্ণ করা।
কাতার
কাতারের আশঙ্কা তেলের দাম বাড়বে
কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রী সা’দ শেরিদা আল-কাবি মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ যদি আরো কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে এবং বিশ্ব অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি আরো জানান, যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানিকারক দেশগুলোকে উৎপাদন বা রপ্তানি স্থগিত করার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার ৯টি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ড্রোনগুলো কাতারের আকাশসীমা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এগুলোকে মাঝ আকাশেই প্রতিহত করা হয়। সরকার জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দেশটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে ৭ মার্চ সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করা হবে, যার মধ্যে থাকবে উদ্ধার কার্যক্রম এবং কার্গো পরিবহন।কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে যাত্রী পরিবহনের বেশির ভাগ ফ্লাইট স্থগিত রয়েছে। তবে প্রয়োজনীয় মানবিক সহায়তা, সরবরাহ এবং জরুরি পরিবহন নিশ্চিত করতে সীমিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট এয়ারলাইনের কাছ থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে কাতারের আকাশপথ সীমিতভাবে আবার চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধীরে ধীরে বিমান চলাচল পুনরায় শুরু করা হচ্ছে। তবে ফ্লাইট সংখ্যা এখনো সীমিত রাখা হয়েছে
logo-1-1740906910.png)