Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ মার্চ ২০২৬

উপসাগরীয় দেশগুলো প্রতিহত করছে ড্রোন-ক্ষেপণাস্ত্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৭:৩১

উপসাগরীয় দেশগুলো প্রতিহত করছে ড্রোন-ক্ষেপণাস্ত্র

বাহরাইন

বাহরাইন প্রতিহত করেছে ৭৫টি মিসাইল ও ১২৩ ড্রোন

বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৫টি ব্যালিস্টিক মিসাইল এবং ১২৩টি ড্রোন প্রতিহত করেছে, যা দেশটির আকাশসীমা, জলসীমা ও ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, প্রতিরক্ষা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে বাহরাইন ডিফেন্স ফোর্স জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সামরিক অভিযান, সেনা অবস্থান বা সামরিক যানবাহনের ছবি বা ভিডিও তোলা এবং প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের এই হামলাগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন এবং তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন ভিডিও ও তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কর্তৃপক্ষ বলছে, ভুল তথ্য ও গুজব জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। কর্তৃপক্ষ বলেছে, সরকার যে সতর্কতা বা জরুরি পরিকল্পনা ঘোষণা করছে, তা মানেই আসন্ন হামলা বা সরাসরি বিপদ নয়, বরং এগুলো মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া প্রস্তুতিমূলক ব্যবস্থা।

 

সৌদি আরব

সৌদি রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়, খারজে মিসাইল-ড্রোন প্রতিহত

সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদের কাছের আল-খারজ অঞ্চলের আকাশে তিনটি ক্রুজ মিসাইল এবং তিনটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে দিয়েছে। সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে এসব লক্ষ্যবস্তু শহরের বাইরে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর আগের দিনও সৌদি প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোন এবং দুটি ক্রুজ মিসাইল ধ্বংস করে। একই সময় পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলার চেষ্টা করা হয়, তবে তা ব্যর্থ করে দেওয়া হয় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি সরকার বলছে, এসব হামলা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে করা হয়েছিল। তবে প্রতিরক্ষা ব্যবস্থার দ্রুত পদক্ষেপে জনগণ ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে


কাতার

কাতারের দোহায় বিকট বিস্ফোরণের শব্দ

কাতারের রাজধানী দোহার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কারণে গোটা রাজধানীজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।রাজধানীর আকাশে ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে বলে খবর দিয়েছে গালফ নিউজ।

কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিমান এবং সমন্বিত বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমা লক্ষ্য করে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে, যা কর্মকর্তারা উপসাগরীয় অঞ্চলে সমন্বিত আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার ফলে বেশ কয়েকটি এলাকায় আহত এবং সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিশোধমূলক পদক্ষেপ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় কাতার আগেই সতর্ক করে দিয়েছিল, "সমস্ত লাল রেখা ইতোমধ্যেই অতিক্রম করা হয়েছে"। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সাথে জড়িত আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। যদিও জরুরি দলগুলো সারাদেশে উচ্চ সতর্কতায় রয়েছে। গোটা কাতারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ৬ জন আহত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে সবাই নেপাল ও পাকিস্তানের নাগরিক। আবুধাবির মিডিয়া অফিস জানিয়েছে, সফলভাবে ড্রোনগুলো ইন্টারসেপ্ট করার কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং আহতরা বড় ধরনের কোনো আঘাতের শিকার হয়নি।

আমিরাতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া বিদেশি ও ট্যুরিস্টদের দেশটিতে অতিরিক্ত সময় থাকার জরিমানা মওকুফ করা হয়েছে। দেশটির সিটিজেনশিপ ও কাস্টমস ও পোর্ট কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি ও চলমান বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসব ভিজিটর ও রেসিডেন্টদের জন্য, যাদের ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে দেশ ত্যাগ করা সম্ভব হয়নি। এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস ঘোষণা করেছে, ৭ মার্চ পর্যন্ত দুবাই থেকে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে। যদিও সীমিত সংখ্যক বিশেষ ফ্লাইট চালু রাখা হয়েছে। অন্যদিকে কিছু এয়ারলাইন্স ধীরে ধীরে সীমিত পরিষেবা চালু করতে শুরু করেছে। এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়াসহ কয়েকটি এয়ারলাইন সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে। মূলত আটকে পড়া যাত্রীদের সহায়তা করার জন্য। তবে বেশির ভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আকাশপথের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় পুরো অঞ্চলের বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে, ফলে বহু আন্তর্জাতিক যাত্রী এখনো ভ্রমণ জটিলতার মুখে রয়েছেন। পরিস্থিতি ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

কুয়েত

কুয়েতের আকাশ প্রতিরক্ষা সক্রিয়, ধ্বংস করছে ড্রোন-মিসাইল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আবারো একটি শক্তিশালী মিসাইল ও ড্রোনের হামলা প্রতিহত করেছে। কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, দেশের আকাশসীমায় ঢুকে পড়া মিসাইল ও ড্রোনের একটি বড় ঢেউ প্রতিহত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান আঞ্চলিক সংঘাতের ধাক্কা সামাল দিতে কুয়েত সরকার দেশ থেকে সব ধরনের খাদ্যপণ্য রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে দেশের অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখা। দেশটিতে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও উপহাসমূলক পোস্ট করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কুয়েতের পুলিশ। তদন্তে বলা হয়েছে, এসব পোস্ট জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে এখন সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Logo