Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ মার্চ ২০২৬

৭০টি ক্ষেপণাস্ত্র ও ৫৯ ড্রোন প্রতিহত করেছে বাহরাইন, বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২৩:১৭

৭০টি ক্ষেপণাস্ত্র ও ৫৯ ড্রোন প্রতিহত করেছে বাহরাইন, বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ

বাহরাইন

৭০টি ক্ষেপণাস্ত্র, ৫৯ ড্রোন প্রতিহত করেছে বাহরাইন

বাহরাইনে ৩ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত তিন মেয়াদে বেজেছে সাইরেন। নাগরিক-বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনাও এসেছে বারবার। বাহরাইন সরকার জানিয়েছে, তারা ব্যাপক পরিসরে ইরানের মিসাইল ও ড্রোন প্রতিহত করে যাচ্ছে। বাহরাইনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৭০টি ক্ষেপণাস্ত্র ও ৫৯টি ড্রোনকে সফলভাবে ধ্বংস করেছে দেশটির বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গালফ নিউজ এই খবর দিয়েছে। এদিকে, বাহরাইনে থাকা মার্কিন বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। যদিও মার্কিন বাহিনী কিংবা বাহরাইনি কর্তৃপক্ষ থেকে তার সত্যতা নিশ্চিত করা হয়নি। বাহরাইনে মারা যাওয়া বাংলাদেশি কর্মী মো. তারেকের মৃত্যুতে শোক জানিয়েছে বাহরাইন সরকার।ইরানি হামলা যেন কোনো নাগরিক-বাসিন্দা বা বসতিকে টার্গেট করতে না পারে, সে জন্য বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বদ্ধপরিকর। বাহরাইন সরকার আরো জানিয়েছে, ইরানের এমন মুহুর্মূহু আক্রমণ গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বাহরাইন তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তৈরি আছে।


সৌদি আরব

সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, বাতিল করা হয়েছে বিমান চলাচল

সৌদির রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্স লক্ষ্য করে দুটি ড্রোন আঘাত হেনেছে। এতে ভবনের ভেতরে ছোট পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সামান্য।সৌভাগ্যবশত তখন ভবনটি খালি থাকায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে আঞ্চলিক উত্তেজনায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া আটটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা ৪ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইট তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা মোট ৮টি ড্রোন সফলভাবে ধ্বংস করে দিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

সীমিত পরিসরে ফ্লাইট চালু হচ্ছে আমিরাতে

আমিরাত সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮৬টি ক্ষেপণাস্ত্র ও ৮১২টি ড্রোন আকাশেই ভূপাতিত করেছে। ৩ মার্চ ফুজাইরার তেলের ইন্ডাস্ট্রিজ জোনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও ৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিমান পরিষেবা ধাপে ধাপে আবার শুরু হচ্ছে। এই সীমিত ফ্লাইটগুলোতে মূলত রিবুকিং করা যাত্রী, জরুরি ফ্লাইটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তাদের এয়ারলাইনের কাছ থেকে নিশ্চিত ফ্লাইট সময়/তথ্য না পেলে বিমানবন্দরে না যাওয়ার জন্য, যাতে টার্মিনালে অযথা ভিড়-বাট্টা না হয়। এই  ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক আকাশসীমা বন্ধ রয়েছে ও নিরাপত্তা ঝুঁকির কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে আটকা পড়েছে এবং আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধের প্রেক্ষাপটে নিত্যপণের দাম মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। দেশটির ৬২৭টি দোকানে মনিটরিং জোরদার করা হয়েছে। জানানো হয়েছে, অবস্থা যাই হোক না কেন, খাবার তেল, ডিম, দুধ, চাল, চিনি, সব ধরনের ডাল, গম, রুটির দাম মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বাড়ানো যাবে না।


কুয়েত

কুয়েতে যুদ্ধের ভিডিও সামাজিক মাধ্যমে ছাড়ায় অনেকে আটক

কুয়েতের প্রতিরক্ষা বাহিনী ১৭৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৮৪টি ড্রোনকে সফলভাবে শনাক্ত ও প্রতিহত করেছে। সেনাবাহিনী জানিয়েছে, ৩ মার্চ আকাশ ও সমুদ্রপথের দিকে লক্ষ্য করে এসব হামলার চেষ্টা করা হয়েছিল, যা সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইরান-মার্কিন উত্তেজনার প্রভাবে ইরান গালফভুক্ত দেশগুলোর মার্কিন দূতাবাসগুলোকে টার্গেট করে হামলা চালাতে শুরু করে। কুয়েতের মার্কিন দূতাবাসের কাছে কালো ধোঁয়া দেখা গেছে। যদিও কোনো বিশাল ক্ষতি বা হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, দায়িত্ব পালনকালে কুয়েতে একজন নৌসেনা নিহত হয়েছেন। সেনাবাহিনী মারফত জানা গেছে, তিনি সমুদ্র তীরবর্তী নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন। এছাড়া কুয়েতে অবৈধভাবে হামলা সংক্রান্ত দৃশ্যধারণ ও অনলাইন প্রচারের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এমন প্রচেষ্টাকে কঠোরভাবে দমন করছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ সেখানে অবস্থানরত নাগরিক, বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে।


কাতার

কাতার এলএনজির উৎপাদন কমাচ্ছে

মিসাইল হামলার প্রেক্ষাপটে কাতার সরকার তার দেশের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ধীরে ধীরে কমিয়ে দিয়েছে। ইরানের ড্রোন শোধনাগারটিতে হিট করায় কমানোর সিদ্ধান্ত নেয় কাতার। এর প্রভাবে ইউরোপে এলএনজি সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সেই সাথে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোনও শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। এ বিষয়ে কাতারের নিরাপত্তা বাহিনী আরো জানিয়েছে, সব ধরনের ক্ষেপণাস্ত্র এবং উড়োজাহাজ লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সরকার তার দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 


ওমান

ওমানে ইরানি ড্রোন ভূপাতিত

ওমানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ধোফ্রার আকাশে সালালা পোর্টে তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এতে বন্দরের জান-মালের কোনো ক্ষতি হয়নি। তবে ইরানি ড্রোনের এমন তৎপরতার নিন্দা জানিয়েছে ওমান। এদিকে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩ মার্চও ওমানের জাতীয় এয়ারলাইন ওমান এয়ার একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট বাতিল করেছে। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে আম্মান, দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম, কুয়েত, কোপেনহেগেন ও বাগদাদের ফ্লাইট। তবে দেশটি থেকে অন্যান্য সব ফ্লাইট সাধারণ সময়সূচিতে চলছে, যদিও কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে। যাত্রীদের তাদের ফ্লাইট স্ট্যাটাস অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।  

Logo