Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশির মৃত্যুতে বাহরাইনের শোক প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৬:৩৯

বাংলাদেশির মৃত্যুতে বাহরাইনের শোক প্রকাশ

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি। ২ মার্চ রাতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে এ তথ্য জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ৩ তারিখ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফোনালাপে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সমবেদনা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

১ মার্চ স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবুল মহসিন ওরফে তারেক (৫২) নামে এক বাংলাদেশি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বাহরাইনসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোই মূলত লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতেও ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হন। তার নাম সালেহ আহমদ। গত শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় তিনি প্রাণ হারান।

ক্রমবর্ধমান এই হামলা উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

Logo