Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ মার্চ ২০২৬

বাহরাইনে এখনো বাজছে সাইরেন, কুয়েতে মার্কিন জেট বিধ্বস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ২০:৫৭

বাহরাইনে এখনো বাজছে সাইরেন, কুয়েতে মার্কিন জেট বিধ্বস্ত

বাহরাইন

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত, সাইরেন বাজছে 

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত ও দুইজন আহত হয়েছেন। ২ মার্চ বাহরাইনের স্থানীয় সময় সকালে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলের কাছে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এদিকে দেশটিতে থেকে থেকে বাজছে সাইরেন। সতর্ক করা হচ্ছে নাগরিক ও বাসিন্দাদের। বাহরাইন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খালিদ অঞ্চলে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ক্ষেপণাস্ত্র ও ৩৪টি ড্রোন প্রতিহত করেছে। যদিও কিছু কিছু ড্রোন দেশটিতে আঘাত হানার ঘটনাও ঘটছে। ইরানের হামলার প্রতিক্রিয়ায় বাহরাইন তাদের জনগণের নিরাপত্তা রক্ষায় সারাদেশেই সতর্কতা জারি করেছে। এমন সংকটাপন্ন পরিস্থিতির জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের তাদের বিমান সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করে ফ্লাইট আপডেট জানতে অনুরোধ করা হয়েছে। এদিকে, এমন সংঘাতের ঘটনা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও ও পোস্ট করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ফলে সামাজিক মাধ্যমে ভিডিও লাইভ করা থেকে সতর্ক থাকতে পরামর্শ এসেছে দূতাবাসের কাছ থেকে। বাহরাইনের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকার সবাইকে সতর্ক ও আইন মেনে চলতে নির্দেশ দিয়েছে। 


কুয়েত

কুয়েতে ভূপাতিত হয়েছে মার্কিন সামরিক বিমান

কুয়েতে নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদসূত্রগুলো জানিয়েছে, কুয়েতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান দুর্ঘটনায় ভূপাতিত হয়েছে, তবে সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আমেরিকা জানিয়েছে, কুয়েতের সামরিক বাহিনী ভুল করে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে তাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সময় কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী রুমাইথিয়া ও সালোয়া এলাকায় ইরানের পাঠানো ড্রোনগুলোর বেশির ভাগ সাফল্যের সাথে প্রতিহত করেছে। বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে কুয়েত থেকে খাদ্যপণ্যের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যাতে অভ্যন্তরীণ সরবরাহ ও বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা যায়। এছাড়া কুয়েত সরকার সব বাণিজ্যিক ও আঞ্চলিক বিমান সেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, বন্ধ রয়েছে বিমান চলাচল।


সৌদি আরব

সৌদিতেও ইরানের ড্রোন সফলভাবে প্রতিহত 

সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী রাস-তানুরা তেল পরিশোধনাগারের দিকে ছোড়া দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। যার ফলে তেল শোধনাগারটির অবকাঠামোয় বড় কোনো ক্ষতি হয়নি। তবে ভ্রমণ ও সরবরাহ নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমেই। সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লবিং করেছে এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি সরকার। সৌদি আরব জানিয়েছে, দেশটি সব সময় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমঝোতা ও স্থিতিশীলতার পক্ষেই ছিল। সৌদি কখনোই ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনের পক্ষে সরাসরি চাপ প্রয়োগ করেনি। একই সময়ে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো একটি যৌথ বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে। দেশগুলো বলেছে, ইরানের এমন হামলা গালফভুক্ত দেশগুলোর সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। ইরানের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। সেই সাথে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, গালফভুক্ত দেশগুলো তাদের নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে। 


কাতার

কাতারেও ইরানের হামলা, এখন পর্যন্ত আহত ৮ জন

কাতারের প্রতিরক্ষা বাহিনী একটি বড় পরিসরের ইরান আক্রমণ মোকাবিলা করে ৬৩টি ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন কার্যকরভাবে প্রতিহত করেছে। যদিও ইরানের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জন আহত হয়েছে। দেশটি সরকার তাদের চিকিৎসা ও নিরাপত্তা সম্পর্কে ক্রমাগত আপডেট দিচ্ছে। একই সময়ে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ যেন অজানা কোনো বস্তু স্পর্শ না করেন এবং ধ্বংসস্তূপ থেকে দূরে থাকেন। কেননা এ থেকে যে কোনে ধরনের বিপদ ঘটতে পারে। এমন হামলা-সংঘাতের প্রেক্ষাপটে কাতার এয়ারওয়েজও সব বাণিজ্যিক ও আঞ্চলিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। যাতে দেশটির আকাশসীমায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কাতারের বাংলাদেশ দূতাবাস সতর্ক করে বলেছে, দুর্ঘটনাস্থলের কাছে যাওয়া, ভিডিও করা, সামাজিক মাধ্যমে পোস্ট থেকে বিরত থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। যে কোনো ধরনের গুজব প্রচার করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে।


সংযুক্ত আরব আমিরাত

রাস আল খাইমায় পড়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নাগরিক বাসিন্দারা যথাসম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। আমিরাতের প্রতিরক্ষা বাহিনী বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। দেশটির ন্যাশনাল ডিফেন্স সিস্টেমগুলো ব্যাপকভাবে গত ১ মার্চেও অসংখ্য মিসাইল শনাক্ত ও প্রতিহত করেছে। ২ মার্চ রাস আল খাইমার রাজ্যে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার কারণে কিছু ক্ষয়ক্ষতি হলেও নাগরিকদের আহত হওয়ার ঘটনা ঘটেনি।দেশটিতে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া শারজাহ বিমানবন্দরসহ সব বিমানবন্দরের সিডিউলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। যাত্রীদের বিমান কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইট আপডেট চেক করতে অনুরোধ করা হয়েছে। 


ওমান

ওমানে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, এক নাবিক নিহত 

ওমানের মাসকাট উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নাবিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ট্যাঙ্কারে ৫২ নটিক্যাল মাইল দূর থেকে অন্য একটি নৌকা থেকে হামলা চালানো হয়। ফলে ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন লাগে। যদিও অন্যান্য ক্রুদের দ্রুত নিরাপদে সরানো হয়েছে। আহতদের মধ্যে ভারতীয় ও ইরানি নাগরিকও রয়েছেন। হামলার দায় কার, তা এখনো জানা যায়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব সামুদ্রিক রুটে নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে।

Logo