Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনের সালমান সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: জাহাজ ও সামুদ্রিক স্থাপনা পুড়ে ছাই, নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১১:২০

বাহরাইনের সালমান সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: জাহাজ ও সামুদ্রিক স্থাপনা পুড়ে ছাই, নিহত ১

বাহরাইনের শিল্পনগরী সালমান সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি জাহাজসহ সামুদ্রিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় একজন এশীয় নাগরিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরো দুজন।

স্থানীয় সূত্র জানায়, হামলার পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বাহরাইনের সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

নিহত ব্যক্তি সালমান সিটির একটি সামুদ্রিক স্থাপনায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। আহত দুজনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভ্যলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এটি তাদের ঘোষিত “অপারেশন ট্রু প্রমিজ ৪”–এর অংশ হিসেবে চালানো হামলা। সংস্থাটি একে একটি সফল অভিযান বলেও দাবি করেছে।

উল্লেখ্য, সালমান সিটি (মিনা সালমান) এলাকায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বাহরাইনে চলমান আঞ্চলিক পরিস্থিতিতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Logo