মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইনে পুলিশ পরিচয়ে ডাকাতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫২
বাহরাইন
বাহরাইনে পুলিশ পরিচয়ে ডাকাতি
বাহরাইনে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক এশীয় প্রবাসীর গ্যারেজে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায় এবং নগদ টাকা, মোবাইল ফোন, ট্যাবলেটসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। একটি গাড়ির সূত্র ধরে প্রথমে একজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে বাকি চারজনকেও গ্রেপ্তার করা হয়। আদালতে তাদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি, ছদ্মবেশ ধারণ এবং জোরপূর্বক সম্পদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ প্রমাণের পর আদালত তাদের পাঁচ বছরের কারাদণ্ড দেয়। বাহরাইনের আদালত জানিয়েছে, এ ধরনের অপরাধ জননিরাপত্তার জন্য হুমকি। কঠোর শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে। কর্তৃপক্ষ বাহরাইনের বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
কাতার
কাতারে ডেলিভারু অ্যাপ সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে
কাতারে জনপ্রিয় খাবার ডেলিভারি অ্যাপ Deliveroo তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, আগামী ৪ মার্চ ২০২৬ পর্যন্ত তারা অর্ডার গ্রহণ করবে। এরপর কাতারে তাদের প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে। যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটিকে গত বছর যুক্তরাষ্ট্রের DoorDash অধিগ্রহণ করে। অধিগ্রহণের পর আন্তর্জাতিক বাজার পুনর্মূল্যায়ন করে কাতার, সিঙ্গাপুর, জাপান ও উজবেকিস্তানসহ কয়েকটি দেশে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখে কোম্পানিটি। পর্যালোচনায় দেখা যায়, কাতার ও এশিয়ার কিছু বাজারে দীর্ঘমেয়াদে লাভজনক হওয়ার সম্ভাবনা সীমিত। এর পরিপ্রেক্ষিতেই কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে, স্থানীয় কর্মী, রাইডার ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই পরিবর্তন যতটা সম্ভব মসৃণভাবে বাস্তবায়ন করা হবে। এই সিদ্ধান্ত ডোরড্যাশের আন্তর্জাতিক পুনর্গঠনের অংশ, যার লক্ষ্য সম্ভাবনাময় বাজারে বেশি বিনিয়োগ ও মনোযোগ দেওয়া। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডেলিভারি প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি কাজ করেন। কাতারে ডেলিভারুর কার্যক্রম বন্ধের ফলে তাদের ওপর কী প্রভাব পড়বে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ১২ গৃহকর্মী নিয়োগ অফিস বন্ধ
সংযুক্ত আরব আমিরাতে অবৈধ কার্যক্রমের অভিযোগে ১২টি গৃহকর্মী নিয়োগ অফিস বন্ধ করে দিয়েছে মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়। সম্প্রতি দেশজুড়ে পরিচালিত পরিদর্শনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা এবং শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে, কিছু অফিস অনুমোদনবিহীনভাবে ফি আদায় করেছে, নির্ধারিত সেবা মূল্য তালিকা প্রকাশ করেনি এবং কর্মী ফেরত নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের অর্থ ফেরত দেয়নি, যা আমিরাতের প্রচলিত শ্রমবিধির সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গৃহকর্মী নিয়োগ খাতে পরিচালিত অভিযানে শতাধিক অনিয়ম চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অনুমোদনবিহীন অতিরিক্ত ফি আদায়, নির্ধারিত মূল্য তালিকা গোপন রাখা, চুক্তি ভঙ্গ বা কর্মী ফেরতের ক্ষেত্রে অর্থ ফেরত না দেওয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগ খাতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। শ্রমিক ও নিয়োগদাতাদের সুরক্ষায় নিয়মিত তদারকি, হঠাৎ পরিদর্শন এবং ডিজিটাল মনিটরিং আরো জোরদার করা হয়েছে। বর্তমানে আমিরাতজুড়ে অনুমোদিত ও নিবন্ধিত নিয়োগ কেন্দ্রের মাধ্যমেই গৃহকর্মী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বহু বাংলাদেশি গৃহকর্মী ও রিক্রুটমেন্ট খাতের সঙ্গে যুক্ত থাকায়, এই পদক্ষেপ প্রবাসী শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওমান
ওমানের মাসকাটে ভিক্ষুক বাড়ছে, বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ
ওমানের রাজধানী মাসকাটে পবিত্র রমজান মাসে ভিক্ষুকের সংখ্যা বাড়তে শুরু করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। রমজানের এই সময়ে সাধারণভাবে দান-খয়রাত করার প্রবণতা বাড়ার কারণে কিছু মানুষ হাত পাতা শুরু করেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মাসকাটের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মসজিদগুলোর কাছে এবং শপিং সেন্টারের আশপাশে ভিক্ষুকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে ভিক্ষুকরা সন্ধ্যা বা জুমার নামাজের পর হাত পাতেন। কিছু লোক শিশু বা অসুস্থ ব্যক্তিদের উপস্থিত করে অর্থ দাবি করছে, যা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার হচ্ছে। মাসকাটের বাসিন্দারা পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, কাউকে দান-খয়রাত করার আগে যাচাই-বাছাই করে নেওয়া উচিত। সরাসরি নগদ অর্থ দেওয়ার বদলে অনুমোদিত দাতব্য ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সাহায্য করা উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।
সংযুক্ত আরব আমিরাত
বিশ্বে বসবাসের তালিকায় সেরা দেশ আমিরাত
বসবাসের জন্য বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালে গ্লোবাল রেসিডেন্স প্রোগ্রাম ইনডেক্সের তালিকায় ইতালি ও সুইজারল্যান্ডের সাথে যৌথভাবে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ২০২৫ সালে দেশটির অবস্থান ছিল ৫ম। দেশটিতে বসবাসরত নাগরিক ও বাসিন্দাদের জীবন মান, ভিসা প্রসেস, ইনভেস্টমেন্টসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে প্রতি বছরই গ্লোবাল রেসিডেন্স প্রোগ্রাম ইনডেক্স প্রকাশ করা হয়। হেনলি অ্যান্ড পার্টনার্স যারা এই বিশ্বব্যাপী এই ইনডেক্স তৈরি করে, তারা বলছে, বসবাসের জন্য ইউরোপ এখনো অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু এর আধিপত্য দিন দিন হ্রাস পাচ্ছে। সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো এগিয়ে যেতে থাকা দেশগুলো বিশ্বব্যাপী মোবাইল বিনিয়োগকারীদের সাথে কৌশলগতভাবে জড়িত। সংস্থাটি মনে করছে, আরব আমিরাত বিশ্বব্যাপী সম্পদের কেন্দ্রে পরিণত হচ্ছে, যা বিশ্বব্যাপী সম্পদশালীদের আকর্ষণ করছে। অন্যদিকে দেশটির সরকার নাগরিক ও প্রবাসীদের ব্যবসা ও বসবাসের নানামুখী উন্নত সুযোগ-সুবিধা বৃদ্ধির কারণে বসবাসের জন্য সেরা দেশে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
logo-1-1740906910.png)