মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬
বাহরাইন
বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার
বাহরাইন থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশটিতে বর্তমানে পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং প্রায় ৮-১০ হাজার সেনা রয়েছে। গালফ নিউজের খবরে এই তথ্য দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে পেন্টাগনের অজ্ঞাত নথির তথ্যের ওপর ভিত্তি করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সেনা প্রত্যাহার করা হয়েছে। যদিও বলা হচ্ছে, এটি সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়। মার্কিন সেনারা এখনো অন্যান্য ঘাঁটি যেমন ইরাক, সিরিয়া, সৌদি আরব, কুয়েত, জর্ডান ও ইউএইতে অবস্থান করছেন। বাহরাইন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের সরকারি ঘোষণা ও দূতাবাসের অফিসিয়াল তথ্য অনুসরণ করে চলাচল করতে বলা হয়েছে।
কাতার
কাতারের আল উদিদ ঘাঁটি থেকেও মার্কিন সেনা প্রত্যাহার
কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থানরত কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা, বিশেষত বিমান বাহিনীর কর্মী স্থায়ীভাবে কাজ করেন। দ্য গালফ নিউজ এই খবর দিয়েছে। এখানে যুক্তরাষ্ট্রের এয়ার অপারেশন, গোয়েন্দা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। বিশ্লেষকরা বলছেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নেওয়া হয়েছে। গত বছর জুনে ইরান-ইসরায়েল সংঘর্ষের সময়ও এই ঘাঁটিতে হামলার চেষ্টা হয়েছিল। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি আমেরিকা ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য হবে। প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং কাতারের সরকারি নির্দেশনা ও বার্তা মেনে চলার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব
সৌদিতে হলুদ সংকেত জারি
সৌদির আবহাওয়া বিভাগ দেশটিতে চরম আবহাওয়া ও ধূলিঝড়ের সতর্কতা জারি করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটেরিওরোলজি (NCM) দেশজুড়ে ধুলা ও তীব্র বাতাসসহ বাতাসের ঝড়ের তীব্র সম্ভাবনার কথা জানিয়েছে। পরিস্থিতির তীব্রতা বিবেচনায় সৌদিতে হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এতে মক্কা, পূর্বাঞ্চল, রিয়াদ, নাজরান ও আসিরসহ বিভিন্ন এলাকায় ধুলার সঙ্গে শক্তিশালী বাতাস বইতে থাকবে, যা দৃষ্টিসীমা কমিয়ে দেবে। খোলা সড়ক ও মহাসড়কে গাড়ি চালানোর সময় বেশি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।। তাই এনসিএম সাধারণ মানুষকে সরকারি দিকনির্দেশনা অনুসরণ করে চলার অনুরোধ জানিয়েছে।
ওমান
ওমানে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা, মিলবে দীর্ঘ ছুটি
ওমানে ২০২৬-এর ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, এবার রমজান মাস সম্ভবত ২৯ দিনে শেষ হবে এবং ঈদুল ফিতর ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) হবে। তবে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে। ১৯ মার্চ সন্ধ্যার আগে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তাই ২০ মার্চ ঈদের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি। যদি ঈদ ২০ মার্চ ঘোষণা হয়, তাহলে ওমানের নাগরিক ও প্রবাসীরা সরকারি ছুটি ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দীর্ঘ পাঁচ দিনের সরকারি ছুটি পাবেন।
এদিকে, ওমানে রমজান উপলক্ষে কাজের সময় কমিয়ে আনা হয়েছে। দেশটির মুসলিম ধর্মাবলম্বী নাগরিক বাসিন্দারা যেন রোজা রাখতে পারেন, সেই সাথে সুষ্ঠুভাবে ধর্মীয় আচার-বিধি পালন করতে পারেন, সেই উদ্দেশেই সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
logo-1-1740906910.png)