Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯

প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বিদেশ সফর সৌদি আরব

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে সৌদি আরবে। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা থাকলেও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকারিভাবে প্রথম সফরের জন্য সৌদি আরবকেই বেছে নেওয়া হয়েছে। সফরটি আগামী ৬ মার্চ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।  

দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এরই মধ্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারি পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এ বিষয়ে কাজ চলছে এবং শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওআইসির বৈঠকে যোগ দিতে সৌদি আরব গেছেন। সেখানে সৌদি কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রীর সফরের প্রসঙ্গও আসতে পারে।  

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে সৌদি সফরের আমন্ত্রণ জানান। সফরে বাদশা সালমান বিন আবদুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।  

বৈঠকে সৌদি আরবে কর্মরত প্রায় ৩৫ লাখ বাংলাদেশি শ্রমিকের স্বার্থরক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বড় আলোচ্য বিষয় হতে পারে। এছাড়া জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা এবং বাংলাদেশের পণ্যের রপ্তানি সম্প্রসারণ নিয়েও আলোচনা হতে পারে। সৌদি ব্যবসায়ীরা ইতোমধ্যে ডিজিটাল ফাইন্যান্স, খাদ্য ও পানীয়, আবাসন, নির্মাণ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্য, জুস, পাটজাত দ্রব্য সৌদি আরবে রপ্তানি হয়। অপরদিকে সৌদি আরব থেকে জ্বালানি তেল, এলএনজি, সার ও খেজুর আমদানি করে বাংলাদেশ। ফলে এই সফর দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।  

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সফরসঙ্গী হতে পারেন। তারা ওমরাহ পালন করবেন বলেও জানা গেছে।  

ভারত, চীন ও জাপান থেকেও সফরের আমন্ত্রণ এসেছে। তবে প্রথম সফর সৌদি আরবেই হতে যাচ্ছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Logo