মালয়েশিয়ার খবর ২৫ ফেব্রুয়ারি
মালয়েশিয়ায় দেড় মাসে আটক ৭ হাজার প্রবাসী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮
মালয়েশিয়ার ইমিগ্রেশনের জোরদার অভিযানে গত দেড় মাসে ৭ হাজার ৪৩ জন প্রবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে আছেন বাংলাদেশিরাও। চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।
এই দেড় মাসে ৩০ হাজার ১৭৭ জনের কাগজপত্র যাচাই-বাছাইয়ে চলে অভিযান। মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, যারা ধরা পড়েছেন, তাদের অধিকাংশেরই বৈধ ভিসা বা কাজের অনুমতি ছিল না।
কিছু প্রবাসী ওভারস্টে বা ভিসার শর্ত লঙ্ঘন করার কারণেও আটক হয়েছেন। অভিযানে আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আছেন ইন্দোনেশিয়া, পাকিস্তান, চায়না, ফিলিপাইন ও মিয়ানমারের নাগরিকরা।
বাংলাদেশসহ এশিয়ার ৮টি দেশের প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, যারা মালয়েশিয়ায় অবস্থান করছেন, তাদের ভিসা, কাজের অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ঠিকঠাক থাকতে হবে। না হলে জরিমানা, আটক বা বহিষ্কারের ঝুঁকি থাকবে।
পুলিশ এবং অভিবাসন কর্মকর্তারা শহর ও শিল্পাঞ্চলে নজরদারি ও অভিযান চালিয়েছেন। আটককৃতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমিক এবং অন্যান্য পেশার মানুষ রয়েছেন। অভিবাসন বিভাগ জানিয়েছে, তারা নিয়মিতভাবে এমন অভিযান চালিয়ে যাবে, যাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নিয়মাবলি সঠিকভাবে বজায় থাকে।
logo-1-1740906910.png)