Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনে শ্রম আইন ভঙ্গের দায়ে ৮১ প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২১

বাহরাইনে শ্রম আইন ভঙ্গের দায়ে ৮১ প্রবাসী বহিষ্কার

বাহরাইন

বাহরাইনে শ্রম আইন ভঙ্গের দায়ে ৮১ প্রবাসী বহিষ্কার 

বাহরাইনে শ্রম আইন ভঙ্গের দায়ে ৮১ জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৬ দেশটির সরকারি সংস্থা শ্রম আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে। এ সময় মোট ১ হাজার ৫১৪টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৪ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে এবং আইন ভঙ্গের দায়ে মোট ৮১ জনকে দেশটি থেকে বহিষ্কার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা, তা এখন পর্যন্ত জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অভিযান চালানো হয়েছে দেশের শ্রমবাজারকে সঠিক নিয়মের মধ্যে রাখার জন্য এবং শ্রমবাজার সংক্রান্ত যে কোনো অবৈধ কাজ প্রতিরোধ করার জন্য। রাজধানী গভর্নরেট, মুহাররাক, নর্দান ও সাউদার্ন গভর্নরেটসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ, ন্যাশনালিটি, পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা যৌথভাবে কাজ করে। সরকারের বরাত দিয়ে নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, শ্রম আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। বাহরাইন সরকার মনে করছে, এসব আইনি পদক্ষেপ দেশটির শ্রমবাজারকে আরো সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখতে সাহায্য করবে। 


সৌদি আরব 

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি নিষিদ্ধ করল সৌদি  

সৌদি আরব বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে ডিম ও পোলট্রি মুরগি আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা জারি করেছে। একই সাথে ১৬টি দেশ থেকে নির্দিষ্ট কিছু অঞ্চলের পণ্য আমদানিও আংশিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, জাপান, চীন, মিয়ানমার, আফগানিস্তানসহ আরো কিছু দেশ সৌদি সরকারের এই কালো তালিকায় পড়েছে। এসব দেশের পোলট্রি মুরগি ও ডিমে প্রায়ই হাই প্যাথোজেনিক অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার জীবাণু থাকে। আর সেই কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সরকার জানিয়েছে, নিউ ক্যাসেল ডিজিজ রোধে নেওয়া সব প্রক্রিয়া সম্পন্ন করার সার্টিফিকেট থাকলে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সৌদির সংশ্লিষ্ট সংস্থা বিবেচনায় নেবে। 


কুয়েত

কুয়েতে বিপুল গোল্ড চুরির অভিযোগে প্রবাসী আটক

কুয়েতে কমপক্ষে ২ মিলিয়ন দিনারের গোল্ড চুরি অভিযোগ আনা হয়েছে এক এশীয় প্রবাসীর বিরুদ্ধে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা। কুয়েতের পুলিশ সেই এশীয় প্রবাসীকে আটকও করেছে। কুয়েতের পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এশিয়ান প্রবাসী কুয়েতের একটি গোল্ডের দোকানের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সে তার পেশার সুযোগ নিয়ে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনারের গোল্ড চুরি করেছে। তদন্তে দেখা গেছে, সোনার দাম সম্প্রতি অনেক বেড়ে যাওয়ায় অভিযুক্ত দোকানের ইনভেন্টরি ও হিসাব ব্যবস্থার ত্রুটির সুযোগ নিয়ে গোল্ড চুরি করেছিল। অভিযুক্ত চুরিকৃত অর্থের কিছু অংশ কুয়েতের বাইরে পাঠিয়েছে এবং কিছু নিজের কাজে ব্যবহার করেছে। কুয়েত পুলিশ তাকে আটক করে তদন্ত কাজ চালাচ্ছে। এশিয়ান হলেও ওই ব্যক্তি কোন দেশের নাগরিক, তার বিস্তারিত কোনো কিছুই জানায়নি দেশটির পুলিশ। এই চুরির ঘটনার পর গোল্ডের দোকান মালিক কর্তৃপক্ষ সতর্কতার অংশ হিসেবে নিয়মিত অডিট ও অ্যাকাউন্টস পরীক্ষার ঘোষণা দিয়েছে।


ওমান

ওমানে মাদক পাচার, দুই এশিয়ান প্রবাসী আটক 

ওমানে মাদক পাচারের দায়ে ২ এশিয়ান নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। মাসকাট গভর্নরেটের সীব এলাকা থেকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত দুই এশিয়ানকে আটক করা হয়। এদের মধ্যে একজন নারীও আছেন। তবে তারা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে গাঁজা ও হ্যাশিশ জব্দ করা হয়, যা পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ। পুলিশ আরো জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওমানে নিয়মিতভাবে মাদক নিয়ন্ত্রণ ও পাচার রোধে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ, যাতে সমাজে মাদক বিস্তার ও অপরাধ কমানো যায়। তাই প্রবাসী বাংলাদেশিদের মাদক থেকে দূরে থাকা ও পুলিশ অভিযান সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।

Logo