Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনে পাতলা পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬

বাহরাইনে পাতলা পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ

বাহরাইন

বাহরাইনে পাতলা পলিথিন ব্যবহার নিষিদ্ধ

বাহরাইনে সব ধরনের একবার ব্যবহারের প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বাজার বা শপিংমলে যে হালকা-পাতলা প্লাস্টিক ব্যাগ সরবরাহ ও ব্যবহার করা হয়, সেগুলো আর ব্যবহার করা যাবে না। সরকারের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী কাস্টমস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পণ্য দেশে প্রবেশ করার আগেই পরীক্ষা করবে এবং বাজারেও তদারকি বাড়ানো হবে, যাতে কেউ এই আরোপিত আইন লঙ্ঘন না করতে পারে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। যেমন- ঘরের ময়লার ব্যাগ, চিকিৎসা বর্জ্যের ব্যাগ, খাবার ও ওষুধের প্যাকেজিং এবং বিদেশে রপ্তানির জন্য তৈরি ব্যাগ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আবদুল্লাহ বিন আদিল ফাখরো ঘোষণা দিয়েছেন, পাতলা পলিথিন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ তৈরি, আমদানি ও বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য আরবি ও ইংরেজি ভাষায় নির্দেশিকা দেওয়া হবে এবং বর্তমানে যেসব প্লাস্টিক ব্যাগ মজুত আছে, সেগুলো শেষ করার জন্য ছয় মাস সময় দেওয়া হবে। 


কুয়েত

কুয়েতে সেলুনে ক্যাশ পেমেন্ট করা যাবে না

কুয়েতে সেলুনে, স্পোর্টস ক্লাবে, পাবলিক স্বাস্থ্য সম্পর্কিত সব প্রতিষ্ঠানে এখন থেকে অনলাইন ব্যাংকিং বা ই-পেমেন্ট ছাড়া কোনো নগদ অর্থ আদান-প্রদান করা যাবে না। যার মানে দাঁড়ায়, সেলুনে চুল কাটার পর নাপিতকে ক্যাশে মজুরি দেওয়া যাবে না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ডিজিটাল ট্রান্সফরমেশনকে এগিয়ে নেওয়া, আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও নজরদারি বাড়ানো এবং সব পেমেন্টের রেকর্ড রাখা। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ আল-আওয়াদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে এসব নির্দেশনা জানান। তিনি আরো জানান, অনুমোদিত ব্যাংকিং চ্যানেল ও ই-পেমেন্ট সিস্টেম ছাড়া কোনো পরিষেবা ফি নেওয়া যাবে না এবং যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তকে খরচ কমানো, প্রশাসনিক দক্ষতা ও নাগরিকদের জীবন মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে ভিক্ষুকের কাছে বিপুল পরিমাণ দিরহাম

আমিরাতের দুবাইয়ের রাস্তায় এক ভিক্ষুকের কাছ থেকে ২০ হাজার দিরহাম সমমানের কমপক্ষে সাড়ে ছয় লাখ টাকা জব্দ করেছে পুলিশ। কী করে তার কাছে এত টাকা এলো, তা নিয়ে পুলিশও হতবাক। অভিযুক্ত ভিক্ষুক কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানা যায়নি। আমিরাতে ভিক্ষাবৃত্তি আইনত নিষিদ্ধ ও দণ্ডণীয় অপরাধ। তাছাড়া দেশটির সরকার ভিক্ষাবৃত্তি দমনের উদ্দেশ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। আর এরই অংশ হিসেবে অভিযুক্ত ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাতে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নানা দেশের প্রবাসী। কাজ না পেয়ে অনেকেই দেশটিতে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন। আমিরাতে ভিক্ষাবৃত্তির শাস্তি অত্যন্ত কঠোর। বিশেষ ক্ষেত্রে ১০ হাজার দিরহাম জরিমানা ও ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে।


সৌদি আরব

ধূলিঝড়ের পূর্বাভাস, সতর্ক করল আবহাওয়া দপ্তর

সৌদি আরবে ধূলিঝড় ও চরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চল বিশেষত তাবুক, মদিনা, মক্কাসহ উপকূলীয় এলাকা, আল জাওফ, নর্দান বর্ডার্স ও হাইল অঞ্চলে ধূলিঝড় ও শক্তিশালী বাতাস, বেশি উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া শেষের দিকে ক্বাসিম, রিয়াদ, ইস্টার্ন প্রভিন্স ও নাজরানেও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। খবরে আরো বলা হয়েছে, দিনের বিভিন্ন সময় বজ্রপাত, ধূলিঝড়, দৃষ্টিসীমা কমে যাওয়াসহ নানা বৈরী অবস্থা তৈরি হতে পারে।আবহাওয়া বিভাগ নাগরিক বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক করে জানিয়েছে, এই সময়ে নিয়মিত আবহাওয়া বিভাগের আপডেট দেখে রাস্তায় চলাচল করতে হবে, যেন যে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যথাসম্ভব এড়ানো যায়। 


ওমান

ওমানে ৯০০ কেজি সমুচা জব্দ 

ওমানে একটি বেকারিতে অভিযান চালিয়ে ৯০০ কেজি সমুচা ধ্বংস করেছে পুলিশ। টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, লাইসেন্স না থাকায় সাউথ আল বাতিনাহ অঞ্চলের ওই বেকারিতে যৌথভাবে পাবলিক প্রসিকিউশন এবং ওমানের পুলিশ এই অভিযান চালায়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। বেকারিতে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মও মানা হচ্ছিল না। অভিযানের সময় দেখা যায়, বেকারিতে স্বাস্থ্যবিধি না মেনেই বিপুল সংখ্যক সমুচা তৈরি করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, রমজানের সময় কোনো বিক্রেতা বা ব্যবসায়ী যেন কোনো অসৎ উপায় অবলম্বন না করে, সেই সাথে স্বাস্থ্যবিধি যেন বজায় থাকে। সে জন্য নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হবে। ওমানে প্রবাসী বাংলাদেশিদেরও পরিষ্কার- পরিচ্ছন্নতার নিয়ম নেমে চলা উচিত।

Logo