বাংলাদেশের নিউজ আপডেট ২৩ ফেব্রুয়ারি ২০২৬
স্মার্ট কৃষক কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
১। ফ্যামিলি কার্ডের আদলে দেশের সব কৃষকের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘স্মার্ট কৃষক কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ড হাতে পেলে কৃষকরা কৃষি জ্ঞান, সার, কীটনাশক, বীজসহ সব ধরনের কৃষি উপকরণে সরকারি সহযোগিতা সরাসরি পাবেন। এছাড়া স্মার্ট পদ্ধতিতে বাজারের বর্তমান পরিস্থিতি, উৎপাদনের পূর্বাভাস ও আবহাওয়ার বার্তা কৃষকের হাতের নাগালে চলে আসবে।
২। রাজধানীতে সবজির দাম কিছুটা কমলেও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে দেশি-বিদেশি ফলের দাম। রোজার এই সময়ে মাল্টা, কমলা, আপেল, আঙ্গুর আর কলার দাম বেড়েছে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ৯০ শতাংশ ট্যাক্স, রমজানে ফলের বিপুল চাহিদা আর সরবরাহ ব্যবস্থায় ক্রটির কারণে ফলের দাম হয়েছে আকাশচুম্বি।
৩। অন্তর্বর্তী সরকারের সময় দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চাঁদাবাজি বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাসীন দলের লোকজন, পুলিশ ও রাজস্ব কর্মকর্তাসহ অনেকেই চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা চেম্বারের ব্যবসায়ীরা।
৪। চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়াদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ২৩ ফেব্রুয়ারি ভোররাতে এ ঘটনা ঘটে।
৫। দেশের বাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
logo-1-1740906910.png)