Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ ফেব্রুয়ারি ২০২৬

কুয়েতে বৈধ কাগজ না থাকলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

কুয়েতে বৈধ কাগজ না থাকলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট

বাহরাইন

বাহরাইনে রোজাদারদের জন্য ইফতারি বিতরণের উদ্যোগ

বাহরাইনে রমজানের এই সময়ে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ইফতারের আয়োজন সাড়া ফেলেছে। বাহরাইনের রাস্তায় ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করতে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে সন্ধ্যার আগেই সেখানে বসবাসরত নানা দেশের প্রবাসীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করছেন। খেজুর, পানি, জুস ও নানা ধরনের খাবার সরবরাহের মাধ্যমে তারা নিশ্চিত করতে চান, ঘর থেকে দূরে থাকার কারণে কেউই যেন ইফতারের সময় একাকী বোধ না করেন। এ যেন বিদেশি কর্মীদের এক রকম মমতার ছোঁয়া। বিদেশি শ্রমিকরা এই ঘটনায় যেমন আনন্দিত, তেমনি নাগরিক আর বাসিন্দারা প্রশংসা করছেন স্বেচ্ছাসেবীদের। হাসি, কৃতজ্ঞতা এবং আন্তরিক প্রার্থনায় ভরা এই জনসেবামুলক কাজ বাহরাইনে বসবাসরত সব সম্প্রদায়কে একত্রিত করেছে। এসব জনহিতৈষী কাজ মনে করিয়ে দেয়, রমজানের আসল মর্ম হলো সহানুভূতি, ঐক্য এবং দানশীলতা।


কুয়েত

কুয়েতে বৈধ কাগজ না থাকলে বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট 

কুয়েতে বৈধ ডকুমেন্ট না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে, সন্দেহজনক লেনদেনকারী বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, যেসব গ্রাহকের বিরুদ্ধে মানি লন্ডারিং বা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সন্দেহ রয়েছে, তাদের কাছ থেকে অতিরিক্ত তথ্য ও প্রমাণপত্র চাইতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ডকুমেন্ট দিতে না পারলে ব্যাংক তাদের সঙ্গে সম্পর্ক বন্ধ করবে। তবে অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে সরাসরি সন্দেহের কথা উল্লেখ না করে ব্যাংকের নিয়ম ও চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কুয়েত সরকার ব্যাংকিং খাতে নজরদারি জোরদার এবং মানি লন্ডারিং প্রতিরোধ করতে বদ্ধপরিকর।


কাতার

কাতার এয়ারপোর্টে ধরা পড়ল অবৈধ মাদক

কাতারের হামাদ এয়ারপোর্টে প্রবাসীর কাছে থেকে অবৈধ ড্রাগ উদ্ধার করা হয়েছে। রোববার হামাদ এয়ারপোর্টের কাস্টমস বিভাগ এক যাত্রীর সাথে থাকা লাউড স্পিকার ও খেলনার ভেতর থেকে ৫ কেজি অবৈধ মাদক মেথ জব্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা যাত্রীর লাগেজে সন্দেহজনক কিছু দেখে সেটি বিশেষ স্ক্যানিং যন্ত্র দিয়ে পরীক্ষা করে। পরে দেখা যায়, ড্রাগগুলো লাউড স্পিকারের ভেতর ও বিভিন্ন খেলনার মধ্যে লুকানো ছিল। ড্রাগগুলো জব্দ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক প্রবাসী কোনো দেশের নাগরিক, সেই বিষয়ে কিছু জানা যায়নি।বিমানবন্দর কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে কাতারে অবৈধ ও ক্ষতিকর কিছু প্রবেশ না করতে পারে। বিমানবন্দরের নিরাপত্তা সব সময় বজায় থাকে। কাতারের মাদক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। শাস্তি শেষে সাধারণত অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত। 


ওমান

ওমানে জাল নোটের কারবার, আটক দুই প্রবাসী

ওমানে আলাদা অপরাধের দায়ে ৪ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সাউথ আল বাতিনাহ (South Al Batinah) অঞ্চলে জাল ওমানি রিয়াল তৈরি ও বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের একজন জাল নোট তৈরি ও অন্যজন তা বাজারে সরবরাহের চেষ্টা করছিল এবং এর মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম শুরু করেছে। এদিকে, বাউশার এলাকায় একজন বিদেশির গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা চুরি হয়। চুরির সময় গাড়িটি ওই বিদেশির বাড়ির পাশেই পার্ক করা ছিল। পুলিশ তদন্ত চালিয়ে এই চুরির সাথে জড়িত সন্দেহে দুই এশীয় নাগরিককে আটক করে এবং চুরি হওয়া টাকা উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সৌদি আরব

সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রিতে কঠোর বার্তা

সৌদি আরবে প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট কিছু ওষুধ বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি হয়েছে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ওজন কমানোর ইনজেকশনসহ যেসব ওষুধ ডাক্তারকে দেখিয়ে খাওয়ার নিয়ম, সেগুলো আর ইচ্ছামতো ফার্মেসি থেকে কেনা যাবে না। এসব ওষুধ পেতে হলে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন থাকা এখন থেকে বাধ্যতামূলক। মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই নিজের ইচ্ছায় ওষুধ খাওয়া বা বিক্রি করা আইন ভঙ্গের শামিল। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ফার্মেসি ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নজরদারি বাড়িয়েছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সৌদি সরকার সবার প্রতি আহ্বান জানিয়েছে, যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Logo