Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

দুবাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার প্রত্যুষে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন।

এরপর দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয় এবং কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ কনস্যুলেট প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন। এ সময় দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

অপরাহ্নে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান তার বক্তব্যে ২১ ফেব্রুয়ারিকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ, নিজেদের অধিকার এবং সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইয়ের এক মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, একুশের চেতনা আমাদের সব সংগ্রামের প্রেরণা হিসেবে শক্তি জুগিয়েছে। তিনি আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশ ও দেশের সংস্কৃতিকে পরিচয় করার লক্ষ্যে উৎসাহিত করেন। তিনি একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একযোগে কাজ করার লক্ষ্যে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

Logo