থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়। সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। তবে কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখন আলাপ-আলোচনা ও তদন্ত চলছে, কীভাবে দ্রুত চালু করা যায় সে বিষয়ে কাজ হচ্ছে।
সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, “থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল। কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিল। ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। তারপরও চালু করা সম্ভব হয়নি। কেন হয়নি, সেটা অন্তর্বর্তী সরকারের সময়ের বিষয়। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়।”
থার্ড টার্মিনাল নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছে। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে কাজ প্রায় শেষ হলেও নানা জটিলতায় উদ্বোধন বিলম্বিত হয়েছে। নতুন সরকারের নির্দেশনায় এবার দ্রুত চালুর প্রস্তুতি শুরু হয়েছে।
logo-1-1740906910.png)